৯০ বছরে মৃণাল সেন
১৪ মে বাংলাদেশে বংশোদ্ভূত ভারতের প্রখ্যাত চলচ্চিত্র-নির্মাতা মৃণাল সেনের ৯০তম জন্মদিন। প্রায় ছয় দশকের পেশাজীবনে বাংলা, হিন্দি, তেলেগুসহ একাধিক ভাষায় ২৮টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, ১৪টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং চারটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন তিনি। জীবনের এতটা পথ পাড়ি দিলেও এখনই থামতে চান না গুণী এই নির্মাতা। স্বপ্ন দেখছেন নতুন ছবি বানানোর।এ প্রসঙ্গে মৃণাল সেনের উদ্ধৃতি দিয়ে পিটিআই জানিয়েছে, ‘অবসর নেওয়ার কথা কল্পনাও করতে পারি না। প্রতিদিনই নতুন ছবি বানানোর স্বপ্নে বিভোর হয়ে থাকি। নানা ধরনের গল্প-ভাবনা মাথার মধ্যে উঁকিঝুঁকি দেয়। দেখা যাক, কবে সেসব ভাবনা রূপালি পর্দায় বন্দী হয়।’মৃণাল সেন আরও বলেছেন, ‘সম্প্রতি একটি বেসরকারি ব্যাংক ছবি বানানোর খরচ বাবদ আমাকে পাঁচ কোটি রুপি দিতে চেয়েছে। প্রয়োজনে এর বেশি অর্থও দিতে রাজি আছে ব্যাংকটি। কিন্তু অর্থ আমার কাছে কোনো বিষয় নয়। আমি ব্যাংক কর্তৃপক্ষকে বলেছি, পাঁচ কোটি রুপি খরচ করে অন্তত ছয়টি ছবি বানাতে পারব আমি।’৯০তম জন্মদিন উদযাপনের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে মৃণাল সেন বলেছেন, ‘জন্ম ও মৃত্যুদিবস উদযাপনের পক্ষপাতী আমি নই। আমি কখনোই ঘটা করে জন্মদিন পালন করি না। আমার বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও যাঁরা আমাকে ভালোবাসেন, তাঁরা চাইলে আমার জন্মদিন উদযাপন করতে পারেন কিন্তু আমি না।’উল্লেখ্য, বাংলাদেশের ফরিদপুর জেলায় ১৯২৩ সালের ১৪ মে জন্মগ্রহণ করেন মৃণাল সেন। উচ্চবিদ্যালয়ের পাঠ শেষ করে কলকাতায় পড়তে যান। সেখানে স্কটিশ চার্চ কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন। ১৯৫১ সালে ‘রাত ভোর’ ছবির মাধ্যমে চিত্রপরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। পরবর্তী সময়ে ‘বাইশে শ্রাবণ’, ‘ভুবন সোম’, ‘এক আধুরি কাহানি’, ‘পদাতিক’, ‘ক্যালকাটা ৭১’, ‘ইন্টারভিউ’, ‘আকালের সন্ধানে’র মতো ছবি নির্মাণ করেন। মৃণাল সেন পরিচালিত সর্বশেষ ছবি ‘আমার ভুবন’ মুক্তি পেয়েছিল ২০০২ সালে।বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় চলচ্চিত্রকে পরিচিত করে তুলতে সত্যজিত্ রায় এবং ঋত্বিক কুমার ঘটকের সঙ্গে মৃণাল সেনের নামও উচ্চারিত হয়। ভারতে বিকল্প ধারার চলচ্চিত্রের দিকপালদের একজন হলেন মৃণাল সেন। তাঁর ছবিতে মানুষের মনস্তাত্ত্বিক নানা দিক ছাড়াও সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বিভিন্ন প্রসঙ্গ চিত্রিত হয়েছে। চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, দাদা সাহেব ফালকে পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ঝুলিতে ভরেছেন গুণী এই নির্মাতা। স্ত্রী গীতাকে নিয়ে দক্ষিণ কলকাতার একটি ফ্ল্যাটে বসবাস করছেন মৃণাল সেন। তাঁদের একমাত্র ছেলে কুনাল শিকাগোয় কর্মরত রয়েছেন।