দিলীপের অনুষ্ঠানে তারার মেলা

বৈজয়ন্তিমালা, মাধুরী দীক্ষিত আর প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের তিন যুগের তিন প্রতিনিধি হাতে হাত মিলিয়ে প্রদীপ জ্বালালেন। উপলক্ষ, বলিউডের দীর্ঘকালের ইতিহাসের জীবন্ত সাক্ষীর আত্মজীবনীর মোড়ক উন্মোচন। দিলীপ কুমারের জীবনের গল্প তো আসলে একরকম বলিউডেরই ইতিহাস। দীর্ঘ প্রায় ছয় দশক আর ৬০টির বেশি চলচ্চিত্রে অভিনয় যে করেছেন।
দিলীপ কুমার: দ্য সাবস্ট্যান্স অ্যান্ড দ্য শ্যাডো শিরোনামে ৯১ বছর বয়সীর জীবনীর মোড়ক খোলা হলো গত সোমবার মুম্বাইয়ে। মোড়ক উন্মোচন করেন অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র ও আমির খান। ছিলেন দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু৷
অনুষ্ঠানে বসেছিল তারার মেলা। আম্বানিদের মতো ভিআইপি অতিথি ছাড়াও এসেছিলেন জিতেন্দ্র, প্রেম চোপড়া, সঞ্জয় খান, জিনাত আমান, জাভেদ আখতার, রিতেশ দেশমুখ। উপস্থাপনা করেন করন জোহর।
দিলীপের নিজের জবানিতে বিবৃত হলেও বইটি আসলে লিখেছেন উদয় নায়ার। আইএএনএস।