‘অকারণ’ অ্যালবামের রয়্যালটির টাকা দেওয়া হলো জাগোকে
অকারণ অ্যালবামের রয়্যালটির টাকা দেওয়া হলো জাগো ফাউন্ডেশনকে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা পরিচালিত এই সেবামূলক প্রতিষ্ঠানটি সুবিধাবঞ্চিত দরিদ্র শিশুদের জন্য কাজ করছে। রাজধানীর একটি রেস্তোরাঁয় গত শনিবার সন্ধ্যায় অগ্নিবীণা থেকে আসা এই অ্যালবামের মোড়ক খোলার অনুষ্ঠানের আয়োজন করা হয়। নোভারটিস (বাংলাদেশ) লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান স্যানেডাজের সহায়তায় তৈরি হয়েছে অ্যালবামটি। মিশ্র এই অ্যালবামে গান করেছেন পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদার, অর্ণব ও এলিটা। অতিথি শিল্পী হিসেবে আছেন মাশফিক ও শাওলী।অনুষ্ঠানে অ্যালবামের রয়্যালটি বাবদ অগ্রিম চার লাখ টাকার চেক জাগো ফাউন্ডেশনের কর্মকর্তা ও শিক্ষার্থীদের হাতে তুলে দেন নোভারটিস (বাংলাদেশ) লিমিটেডের কান্ট্রি প্রেসিডেন্ট ও স্যানেডাজের প্রধান আশফাকুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নোভারটিস (বাংলাদেশ) লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা, অ্যালবামের শিল্পী বাপ্পা মজুমদার, এলিটা, জয় শাহরিয়ার, গীতিকার তানভীর সজীব, প্রযোজনা প্রতিষ্ঠান অগ্নিবীণার স্বত্বাধিকারী নাজমুল হক ভূঁইয়াসহ অনেকে।অ্যালবামের ১০টি গানের মধ্যে সাতটির সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার, বাকি তিনটি অর্ণব।