'অঙ্গার' দিয়ে ওম-জলির শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওম,জলি
ওম,জলি

বেশ ধুমধাম করেই চলচ্চিত্রজগতে জলির অভিষেকের ঘোষণা এসেছিল। কিন্তু সে সময় জানা যায়নি তাঁর প্রথম ছবির নাম কিংবা তাঁর নায়কের নাম। এবার সেই সব তথ্য জানা গেল। জলির অভিষেক ছবির নাম হবে অঙ্গার। পশ্চিম বাংলার অভিনেতা ওম থাকছেন জলির বিপরীতে। আর ছবির শুটিং শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর।
এফডিসিতে ছবির শুটিং শুরু হবে। এর এক দিন পরই পুরো ইউনিট চলে যাবে বান্দরবানে। ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমন জানিয়েছেন এসব তথ্য। অঙ্গার-এর শুটিংয়ে অংশ নিতে এ মাসের শেষের দিকে বাংলাদেশে আসছেন ওম। এর আগে ওম অভিনয় করেছেন অগ্নি ২ ছবিতে। নতুন ছবি নিয়ে ওমের বক্তব্য হলো, ‘অগ্নি ২ মুক্তির আগে ভয়ে ছিলাম। কারণ, তা ছিল বাংলাদেশে আমার প্রথম কাজ। তবে ছবিটি মুক্তির পর দর্শকের প্রতিক্রিয়া দেখে আমার ভয় কেটে গেছে। এখন আত্মবিশ্বাস নিয়েই দ্বিতীয় ছবির কাজ শুরু করব।’
এদিকে একেবারেই নতুন মুখ জলি শুটিং শুরুর আগে নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন। তিনি জানান, অভিনয়, নাচ ও অ্যাকশন দৃশ্যে পাকাপোক্ত হতে কলকাতা থেকে দেড় মাসের কোর্স করে এসেছেন। এ ছাড়া সোহানুর রহমান সোহানের অভিনয়ের স্কুল থেকেও প্রশিক্ষণ নিয়েছেন। জলি বলেন, ‘এমন একটি দিনের অপেক্ষাতেই ছিলাম। প্রথম ক্যামেরার সামনে দাঁড়াব। ভয় ভয় লাগছে। তবে প্রশিক্ষণ নেওয়ার পর নিজের ভেতরে কিছুটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে।’
পরিচালক জানান, ছবিতে আরও অভিনয় করছেন আশীষ বিদ্যার্থী, সুপ্রিয়, রাজা প্রমুখ।