'অচিন দ্বীপের উপাখ্যান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে গতকাল মঞ্চস্থ অচিন দ্বীপের উপাখ্যান নাটকের দৃশ্য l প্রথম আলো
শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে গতকাল মঞ্চস্থ অচিন দ্বীপের উপাখ্যান নাটকের দৃশ্য l প্রথম আলো

গোপীবাগের ফরিদ উদ্দীন দুই সন্তানকে নিয়ে এসেছিলেন শিল্পকলা একাডেমীতে। পরীক্ষণ থিয়েটারের সিঁড়ি বেয়ে ওঠার সময় কথা হলো তাঁর সঙ্গে। জানালেন, ঈদের ছুটিতে রাজধানীর একঘেয়ে বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরে বেড়াতে আর ভালো লাগছে না। প্রতিবছরই ভাবি, ঈদের ছুটিতে মঞ্চনাটকের আয়োজন করে না কেন নাটকের দলগুলো। এবার আমার প্রত্যাশা পূরণ করেছে অচিন দ্বীপের উপাখ্যান। উইলিয়াম শেক্সপিয়ারের দ্য টেম্পেস্ট-এর আশ্রয়ে অচিন দ্বীপের উপাখ্যান নাটকটি লিখেছেন ও শিল্প নির্দেশনা দিয়েছেন মুকিত চৌধুরী। পরিবেশনা করেছেন প্রতীক থিয়েটারের নাট্যকর্মীরা। গতকাল পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে ছিল এ নাটকের প্রদর্শনী। মিলনায়তনভর্তি দর্শক উপভোগ করেছেন নাটকটি।
নাটকটির কাহিনির সময়কাল ৪৮৮ খ্রিষ্টপূর্বাব্দ। সেই অগ্নিগর্ভ সময়প্রবাহ, যা হতে চেয়েছিল বাঙালির দেশজয়ের মাইলফলক। কিন্তু এরই মধ্যে শুরু হয় ষড়যন্ত্র। সেই প্রেক্ষাপটে হবিগঞ্জের চুনারুঘাটের দেউন্দি চা-বাগানের নাট্যদল প্রতীক থিয়েটারের নাটক অচিন দ্বীপের উপাখ্যান।
ঘটনাক্রমে নাটকের গল্পে উঠে আসে প্রাচ্য-গঙ্গার অঙ্গরাজ্য রাঢ়ের জমিদার বিজয় সিংহ। এই জমিদারের বিরুদ্ধে শুরু হয় রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতি। প্রাচ্য-গঙ্গার মহারাজাধিরাজ উগ্রসৈন্য, যুবরাজ সুখময়সৈন্য, রাজভ্রাতা দয়ালসৈন্য, রাঢ় অঙ্গরাজ্য প্রধান সুমিত্র সিংহ চলে গেলেন তাঁর বিরুদ্ধে। তিনি তাঁর মেয়েকে নিয়ে নির্বাসিত হতে বাধ্য হলেন সিংহলে। এ আকস্মিক ঘটনা কীভাবে তাঁর চোখ খুলে দেয়, ক্রমশ তাঁকে টেনে নিয়ে যায় বাঙালির আত্মার অন্তঃমূল অবধি—তা নিয়েই এই অচিন দ্বীপের উপাখ্যান।
নাটকের বিজয় সিংহ চরিত্রে অভিনয় করেছেন উজ্জ্বল দাস। অন্যান্য চরিত্রে রূপ দিয়েছেন শিমুল দাস, সুমা রানী ঘোষ, সুনীল বিশ্বাস, রূপম মাল, প্লাবন বিশ্বাস, দীপ্ত বাগ্দী, শ্যামা ঘোষ, সুনীল বাউরী, বিদ্যা বাগ্দী, তুষার গড়, সাকিল বাউরী, জয় কালিন্দী, শেখ তামিম প্রমুখ। আর নাটকে ব্যবহৃত চা-বাগানের গান লিখেছেন সুনীল বিশ্বাস।