'অতঃপর মাধো' দিয়ে মেঠো পথের যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ছড়ার ছবি বইতে ‘মাধো’ নামের এক কিশোরের গল্প বলেছেন, যে বাড়ি পালিয়ে পাটকলে কাজ নেয়। পাটকলে লাগাতার ধর্মঘট, অনিশ্চিত জীবন, প্রলোভন—এ সবকিছু পেছনে ফেলে একসময় সে পা বাড়ায় ছিঁড়ে যাওয়া শিকড়ের সন্ধানে। নতুন নাটক অতঃপর মাধো-এ দেখা মেলে বাস্তবতার মুখোমুখি দাঁড়ানো এমন এক নস্টালজিক মানুষের। এ নাটকে স্মৃতিসত্তার পরিক্রমণে কিছু ছবি এসে সামনে দাঁড়ায়, যা কখনো প্রতিবাদী, কখনো রোমান্টিক, কখনো স্বাধীনচেতা, কখনো দুরন্ত, কখনো মৃত্তিকা-সংলগ্ন।

অতঃপর মাধো ঢাকার মঞ্চে নতুন সংযোজন। নতুন দল মেঠো পথ থিয়েটার গতকাল নিয়ে এসেছে তাদের প্রথম প্রযোজনা। নাটকটি রচনা করেছেন ও নির্দেশনা দিয়েছেন অলোক বসু।

স্টুডিও থিয়েটারে শুক্রবার রাতে নাট্যজন মামুনুর রশীদ নাটকটির উদ্বোধন করেন। অতিথি ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান। কথা ছিল অভিনয়শিল্পী ফেরদৌসী মজুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ নাটকের উদ্বোধন করবেন। নির্দেশক জানালেন, ফেরদৌসী মজুমদার জ্বরে আক্রান্ত, তাই আসতে পারেননি। সাপ্তাহিক ছুটির দিনে স্টুডিও থিয়েটার মিলনায়তনের সব কটি আসন পূর্ণ ছিল। আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় একই স্থানে নাটকটির দ্বিতীয় প্রদর্শনী হবে।

১২টি চরিত্র আছে নাটকে। এর ১২টি চরিত্রকে উপস্থাপন করেছেন দুজন শিল্পী—শামীমা আক্তার মুক্তা, শারমীন সঞ্জিতা খানম। এই দুই শিল্পীর চমৎকার অভিনয় আর গল্পের নির্মেদ কথন পাক্কা ১ ঘণ্টা ৫ মিনিট বসিয়ে রাখে দর্শকদের।

খুব সাধারণ নাটক অতঃপর মাধো। প্রদর্শনীর আগে নির্দেশক অলোক বসুর সঙ্গে কথা হয়। তিনি জানান, এর নির্মাণকালে লক্ষ রাখা হয়েছে, যাতে গল্পের টুকরো ছবিগুলো নষ্ট না হয়। এখানে নাটকীয়তা বা ঘটনার ঘনঘটার পরিবর্তে আছে কথকের কথা-বর্ণনা আর অভিনয়ে ছবিগুলো মূর্ত করে তোলার চেষ্টা। অলোক বসুর ভাষায়, সমুদ্রের উথালপাতাল ঢেউয়ের দোলাচল নয়, বরং ঝিরিঝিরি হাওয়ায় ঝিলের জলে মৃদু তরঙ্গের যে স্নিগ্ধতা, তাকেই স্পর্শ করার চেষ্টা করা হয়েছে এই নাটকের ভাবনায়।

মেঠো পথ থিয়েটার নাট্যদলের প্রতিষ্ঠাতা পরিচালক শামীমা আক্তার বলেন, ‘কোন্দল বা রাজনীতির ঊর্ধ্বে উঠে নাটকের নান্দনিক উৎকর্ষে কাজ করে যাওয়ার প্রত্যয় নিয়ে যাত্রা করছি আমরা। মেঠো পথে যেকোনো দলের নাট্যকর্মী কাজ করতে পারবেন। তাঁদের কাজের ফাঁকে সময় সমন্বয় করে।’ তিনি বলেন, পেশাদারি দৃষ্টিভঙ্গি নিয়ে ভবিষ্যতে এই দলকে একটি রেপার্টরি দল করার ইচ্ছে আছে। মেঠো পথের আরও একটি বিভাগ আছে। মেঠো পথ গানের দল নামে যার আবির্ভাব ঘটেছিল ২০১৫ সালের ৪ সেপ্টেম্বর।