'অনন্ত-বর্ষা চলচ্চিত্রের সুবাতাস'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজী মাজহারুল আনোয়ার
গাজী মাজহারুল আনোয়ার

সম্প্রতি এক অনুষ্ঠানে ঢাকাই ছবির অভিনয়শিল্পী অনন্ত ও বর্ষাকে নিয়ে উচ্ছ্বসিত মন্তব্য করেছেন গীতিকার, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার। অনন্ত-বর্ষা প্রসঙ্গে তিনি বলেন, ‘শিল্পীরা সাংস্কৃতিক অঙ্গনের একটা ‘ক্লিন’ জায়গায় কাজ করেন। ক্লিনজার যেমন সৌন্দর্য বৃদ্ধিতে সাহায্য করে, তাঁরা দুজনেই চলচ্চিত্রের সৌন্দর্য বৃদ্ধি করছেন। অনন্ত জলিল এবং বর্ষা বাংলাদেশের চলচ্চিত্রের জন্য একটা সুবাতাস।’
গাজী মাজহারুল আনোয়ার বলেন, ‘প্রত্যাশা করব, বাংলাদেশি চলচ্চিত্রকে দেশীয় মান থেকে আন্তর্জাতিক মানের দিকে নিয়ে যাওয়ার যে স্বপ্ন তাঁরা দেখছেন; সেই স্বপ্ন যেন তাঁরা বাস্তবায়ন করতে পারেন।’ গতকাল শনিবার সকালে বিএফডিসিতে ‘ট্যালেন্ট হান্ট’ নামের অভিনয়শিল্পী অন্বেষণের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।’
গাজী মাজহারুল আনোয়ারের লেখা অসংখ্য বাংলা গানে সমৃদ্ধ হয়েছে এ দেশের বাংলা গানের ভান্ডার। স্বাধীনতা ও দেশপ্রেম নিয়ে অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা তিনি। বাংলাদেশের একজন স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতাও বটে। ৫০ বছরের ক্যারিয়ারে অর্ধশত ছবি নির্মাণ ও প্রযোজনা করেছেন তিনি। কিন্তু এ সময়ে অনেক কিছুর স্বপ্ন দেখলেও তা বাস্তবায়ন করতে না পারার কারণে এক ধরনের আক্ষেপ তাঁর আছে। কথা প্রসঙ্গে তিনি বলেন, ‘চলচ্চিত্রে আমার অভিজ্ঞতা ৫০ বছরের। শিল্পী সন্ধানের জন্য অনন্ত ও বর্ষা আজ যে ট্যালেন্ট হান্ট কার্যক্রম চালু করেছে এর দায়িত্ব আমাদেরই নেওয়া উচিত ছিল বলে মনে করছি। হয়তো আমাদের সময়ে চলচ্চিত্রের ততটা সামর্থ্য ছিল না। তবে, এটা ঠিক যে— আমাদের আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, স্বপ্নও দেখতাম কিন্তু কার্যকর করার সামর্থ্য আমাদের ছিল না। আজকে অনন্ত ও বর্ষা অসমাপ্ত এ কাজটি করায় তাঁদেরকে আমার অন্তর থেকে ধন্যবাদ।’

গাজী মাজহারুল আনোয়ার মনে করেন, এখন আর আগের মতো চলচ্চিত্র নির্মাণ হচ্ছে না। এ নিয়ে তাঁর অনেক আক্ষেপ। তবে অনন্ত ও বর্ষার চলচ্চিত্রে আসার পর এ চিত্রটা কিছুটা পাল্টেছে বলেই তিনি জানান।
‘আমরা অনেক দিন ধরে কোনোভাবেই ৫০,৬০, ৭০ কিংবা ৮০ দশকের মতো জনপ্রিয় ছবি নির্মাণ করতে পারছি না। কিন্তু অনন্ত এবং বর্ষা তাঁদের যৌথ প্রচেষ্টায় বারবার আমাদের তাঁদের স্বপ্নের কথা জানাচ্ছেন। তাঁদের চেষ্টা আমাকে আশাবাদী করে তুলছে। চলচ্চিত্রে এরই মধ্যে তাঁরা একটা পরিবর্তনের সুবাতাস বইয়ে দিতে পেরেছেন বলেও আমি মনে করি।’
অনন্ত ও বর্ষা তাঁর সন্তানের মতো উল্লেখ করে গাজী মাজহারুল আনোয়ার বলেন, ‘তাঁদের মুখে চলচ্চিত্রের আশার কথা শুনে আমি আনন্দিত হই। আমি মনে করি, সন্তান একদিন বাবার নামে পরিচিত হয়, তারপর বাবাও একদিন সন্তানের নামে পরিচিত হন। অতএব অনন্ত এবং বর্ষার যৌথ প্রয়াসই বলে দেয়, তাঁরা আমাদের চলচ্চিত্রের বাবা-মা হয়ে এসেছেন। আমি বিশ্বাস করি, অনন্ত-বর্ষা যা করতে চান, তা তাঁরা করে দেখান। আমি তাঁদের দীর্ঘজীবনের জন্য দোয়া করছি।