চলে গেলেন অজিত রায়। গত রোববার দুপুরে সবাইকে কাঁদিয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। অজিত রায়কে স্মরণ করে ‘আনন্দ’র পাঠকদের জন্য লিখেছেন রবীন্দ্রসংগীতশিল্পী তপন মাহমুদমরণের সাগরপারে ভুবনমোহন স্বপনবেশে যে চির আরাধ্য আমাদের সবার জন্য অপেক্ষমাণ, সেই মহাপ্রাণে বিলীন হলেন শিল্পীগুরু অজিত রায়।১৯৩৮ সালের ২৯ জুন বৃহত্তর রংপুরের কুড়িগ্রামে যে শিশুটির জন্ম হয়েছিল এক মধ্যবিত্ত সাংস্কৃতিক পরিবারে, সে শিশুটি কৈশোরে হতে চেয়েছিলেন ফুটবলার। কিন্তু ফুটবল খেলতে গিয়ে পা ভেঙে দীর্ঘদিন ঘরে থাকায় হয়ে উঠলেন তবলিয়া। মায়ের অনুপ্রেরণায় শিল্পী অজিত রায়ের পূর্ণাঙ্গ সংগীতশিল্পী হয়ে ওঠা।সেই যুবা অবস্থায় তিনি চারদিকের বঞ্চনা, অত্যাচার, প্রতিহিংসার যে রূপ দেখেছিলেন, তাতে হয়ে উঠেছিলেন প্রতিবাদী গণমানুষের শিল্পী। পরাধীনতা, ধর্মান্ধতা, শোষণ, জুলুমের বিরুদ্ধে তাঁর সংগ্রাম ছিল গানের মধ্য দিয়ে। ষাটের দশকের শেষভাগে তিনি রংপুর তথা উত্তরবঙ্গ ছেড়ে ঢাকায় আসেন। দেশ তখন পাকিস্তানি শোষণ-বঞ্চনার প্রতিবাদে অশান্ত। অজিত রায়ের সে আন্দোলনে যোগ দিতে মুহূর্তমাত্র দেরি হয়নি। আজ বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ গানটি স্বাধীনতাপূর্বকালীন জনপ্রিয় করেছিলেন মূলত দুজন শিল্পী। তাঁরা হলেন অকালপ্রয়াত জাহিদুর রহিম ও অজিত রায়। প্রয়াত জহির রায়হানের জীবন থেকে নেয়া ছবিতে অজিত রায়, সাবিনা ইয়াসমীন ও অন্যান্য শিল্পীর সমবেত পরিবেশনায় এ গানটি আমাদের স্বাধীনতার প্রতীক হিসেবে সে সময় গাওয়া হতো।এরপর মুক্তিযুদ্ধকালে ১৯৭১ সালের মাঝামাঝি সময় থেকে তিনি যুক্ত হলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। তাঁর সে সময় অনবদ্য সুরে সৃষ্ট বিভিন্ন সংগীত আমাদের গণসংগীতে মাইলফলক হয়ে থাকবে যুগের পর যুগ। সারা জীবন তিনি কোনো কিছু পাওয়ার আশা না করে আমাদের সংগীত- সংস্কৃতিকে কেবলই দিয়ে গেছেন। তিনি ছিলেন রবীন্দ্রসংগীতে নিবেদিত। স্বাধীনতা-পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ বেতারে সংগীত পরিচালক হিসেবে যোগ দেন এবং এ দেশের নামীদামি প্রায় সব শিল্পী তাঁর সুরে গান গেয়ে নিজেদের ধন্য করেছেন; সমৃদ্ধ হয়েছে আমাদের সংস্কৃতি। কিন্তু বাস্তব বড় নির্মম, বড়ই কঠিন। বেতারে তখন সরাসরি নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী ছাড়া, ঝাড়ুদার, মালী থেকে শুরু করে যন্ত্রসংগীতশিল্পীদের ‘ক্যাজুয়াল আর্টিস্ট’ হিসেবে বেতন দেওয়া হতো। অজিতদাসহ অন্য সব সংগীতপরিচালককেও ক্যাজুয়াল আর্টিস্ট হিসেবে বেতন দেওয়া হতো। চাকরি-পরবর্তী কোনো সরকারি সুযোগ-সুবিধা তাঁরা পেতেন না (এখন তাঁদের কী অবস্থা, তা ঠিক আমার জানা নেই)। বয়স ৫৭ হলে যখন তাঁর বেতারের চাকরি থেকে বিদায় নেওয়ার পালা, তখন চাকরি নবায়নের জন্য তিনি নিজে বেতার কর্তৃপক্ষ বা সরকারের কাছে কোনো আবেদন করেননি, কেবল আত্মসম্মানের দিক বিবেচনা করে। বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা থেকে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমরা আবেদন করেছিলাম তাঁর চাকরির মেয়াদ বাড়ানোর জন্য, কিন্তু তা করা হয়নি; যদিও সংগীতই ছিল এ মানুষটির একমাত্র ধ্যান-জ্ঞান। নিজের আর্থিক স্বাচ্ছন্দ্য বা পরিবারের ভরণপোষণের কোনো চিন্তাই তাঁর মধ্যে কাজ করেনি। এরপর বেতারের কয়েকজন সহূদয় ঊর্ধ্বতন কর্মকর্তার সহায়তায় তাঁকে মাঝেমধ্যে চুক্তিভিত্তিক সংগীত পরিচালক হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হতো, যা প্রয়োজনের তুলনায় কিছুই নয়।ক্রমাগত দুশ্চিন্তা, অভাব ও প্রচণ্ড আত্মাভিমান শিল্পীকে নিঃশেষ করে ফেললেও কারও কোনো ব্যক্তিগত দয়া-দাক্ষিণ্য তিনি গ্রহণ করেননি। যখন ২০০২ সালে তাঁর মরণব্যাধি ক্যানসার ধরা পড়ে এবং চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন হয়, তখনো তাঁর সাহায্যার্থে কোনো সংগীতানুষ্ঠান আয়োজনে তাঁকে রাজি করানো যায়নি। এ সময় একান্ত গুণগ্রাহী তাঁর কিছু ছাত্রছাত্রী ও শিল্পীরা ব্যক্তিগত অনুদান নিয়ে গোপনে বৌদিকে দিয়ে এসেছেন তাঁর চিকিৎসা খরচ জোগাতে।শিল্পী অজিত রায়কে ২০০০ সালে রাষ্ট্র ‘স্বাধীনতা পদক’ প্রদান করে। একজন স্বাধীনতা পদকপ্রাপ্ত শিল্পীর কিছুটা খোঁজখবর রাখার দায়িত্ব কি সরকারের ছিল না? এ প্রশ্নের উত্তর আমার জানা নেই। তা না হলে কেন কেবল আর্থিক সংকটের কারণে মরণব্যাধি ক্যানসারের যথাযথ চিকিৎসা পেলেন না অজিত রায়। দীর্ঘ নয় বছর প্রায় একাই প্রচণ্ড অভাব-অনটনের মধ্যে তাঁকে এ রোগ বয়ে বেড়াতে হলো!অবশ্য এ প্রশ্ন করে কোনো লাভ নেই জানি। আমাদের দেশে যেখানে সবকিছু নির্ভর করে কেবল দলীয়, ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে, সেখানে মানবতাবোধ, সামাজিকতাবোধ অথবা আর্তমানবতার সেবায় কে নিঃস্বার্থভাবে এগিয়ে আসবেন? আর এ কাজ কি কেবল সব সময় সরকারের শীর্ষ পর্যায় থেকে করতে হবে? তাহলে রাষ্ট্রযন্ত্রের অন্যান্য পদে যাঁরা রয়েছেন, তাঁদের কী কাজ? স্বাধীনতা লাভের প্রায় ৬৫ বছর পরও প্রতিবেশী ভারতে স্বাধীনতাসংগ্রামীদের আজও সরকারের তরফ থেকে ভরণপোষণ এবং যথাযথ মর্যাদা দেওয়া হয় বলে জানা যায়। সেখানে মাত্র ৪০ বছরের মাথায় আমাদের স্বাধীনতাসংগ্রামীরা কী পাচ্ছেন?বর্তমানে বাংলাদেশে যেখানে ভিনদেশি সংস্কৃতির আগ্রাসনের পৃষ্ঠপোষকতা করার জন্য আমাদের করপোরেট বা বহুজাতিক পুঁজির কোনো অভাব হয় না, সেখানে পুরোনো ধ্যানধারণার অজিত রায়দের এ সমাজে কি কোনো প্রয়োজন আছে? কালেভদ্রে স্বাধীনতা দিবস, বিজয় দিবস ইত্যাদি জাতীয় দিবসে কিছু প্রতিষ্ঠান নিজেদের ব্যবসায়িক স্বার্থে এসব পুরোনো মানুষকে কয়েক ঘণ্টার জন্য সম্মান দেখানোর প্রয়াস চালায়। অনেকে গালভরা কথায় আজীবন বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়ার ঘোষণা দেন, যা নিতান্তই একটি প্রহসন; বাস্তবের সঙ্গে তার কোনো মিল নেই।অজিতদা, আপনি এখন অনন্তলোকে। যেখান থেকে এর কোনো কিছুই এখন আর আপনাকে স্পর্শ করবে না। কিন্তু আমরা যারা এখনো বেঁচে আছি, তাদের পক্ষ থেকে আমি আপনার কাছে নিবেদন করছি, আমাদের এই ইচ্ছাকৃত-অনিচ্ছাকৃত অপরাধগুলো আপনি ক্ষমা করবেন। আপনি প্রায় সময় বলতেন, ‘একটা কথা মনে রাখবে, “নিজেরে না যেন করি প্রকাশ, আমার সকল কাজে” অথবা “নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান”।’ কিন্তু আমরা সেই কাজটিই যেন আজ বেশি বেশি করে করছি। এমনকি আপনাদের মতো গুণীজনের মৃতদেহের সঙ্গে কে কত বেশি ছবি তুলে নিজেকে গৌরবান্বিত করব, সে প্রতিযোগিতায় আমরা কিন্তু দারুণভাবে সক্ষম। তবে কিছুটা সান্ত্বনা আমরা পাই, যখন দেখি আপনাদের মতো গুণীজনদের শেষ সম্মান দেখানোর জন্য সাংস্কৃতিক অঙ্গনের নেতারা যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং জাতীয় শহীদ মিনারে সব ভেদাভেদ ভুলে এক কাতারে শামিল হন। আপনি দুঃখ করবেন না এটা জেনে যে শিল্পী কলিম শরাফীকে অনন্তযাত্রায় রাষ্ট্রীয় সম্মান দেখানো হলেও তাঁর কবর হয়েছে মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানের একটি অসংরক্ষিত কবরে সাধারণ মানুষের সঙ্গে। যেখানে হয়তো কয়েক মাসের মধ্যেই অন্য কাউকে কবর দেওয়া হবে। কোনো স্মৃতিচিহ্ন আর থাকবে না। তাঁর মৃত্যুর এক বছর হয়ে এলেও দেড় লাখ টাকা না দিতে পারায় ঢাকা সিটি করপোরেশনকে দিয়ে কবরটি সংরক্ষণ করানো আজও সম্ভব হয়নি। আপনি দুঃখ করবেন না—এ রকম ঘটনা আরও ঘটতেই থাকবে।আপনারা ছিলেন জাতির বিবেক, জাতীয় সংকটকালে আমাদের আলোকবর্তিকা। যেহেতু জীবিতকালে আপনারা কিছুই চাননি, কাজেই সেই অপরাধে মরণের পরও আপনাদের কিছু পাওয়ার কথা নয়। এটুকু সান্ত্বনাই যেন আপনাদের অনন্ত পথের সাথি হয়ে থাকে। আপনারা আমাদের মতো অযোগ্য উত্তরসূরিদের মার্জনা করবেন।