'অনিন্দিতার ঠাকুরদার ঝুলি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দর সংকলন। প্রতিটি গানই ছিল সুনির্বাচিত। আয়োজনের শিরোনামটিও চমৎকার ‘অনিন্দিতার ঠাকুরদার ঝুলি’। বাইরে ছিল ইলশে গুঁড়ি বৃষ্টি। সব মিলিয়ে দারুণ এক সন্ধ্যা কেটেছে গতকাল ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে।
নজরুল-পুত্র অনিরুদ্ধ কাজী ও কল্যাণী কাজীর কন্যা অনিন্দিতা কাজী গতকাল নজরুলকে তাঁর অনুরাগীদের সামনে মেলে ধরতে বেছে নিয়েছিলেন বিচিত্র বিষয়।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জয়ন্তী আসন্ন। এ উপলক্ষেÿগতকাল শুক্রবার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার তাদের গুলশানের মিলনায়তনে আয়োজন করে এ অনুষ্ঠান। প্রতিষ্ঠানটির পরিচালক জয়শ্রী কুন্ডু সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন অনিন্দিতা কাজীকে। সুপরিসর ছিমছাম ঘরটিতে তিনি শুরু করলেন কবিতার মতো করে বলা, ‘ছোটবেলা থেকেই নিজের মনের মাঝে গেরুয়া বর্ণের এক যোগীকে নিয়ে বাস করতেন দাদু। নিজের আলো ছড়িয়ে তিনি অন্যের আঁধার কাটিয়েছেন। তবে যোগী তিনি হননি। হয়েছিলেন নতুন যুগের সঙ্গী।’
প্রথম গানেই শিল্পী কুড়িয়ে নিলেন শ্রোতার ভালোবাসার করতালি। এরপর গান, কবিতা আর কথাকে জড়িয়ে নিলেন একসঙ্গে। সে সঙ্গে উঠে এল সাম্যের কবির দুখু মিয়া থেকে কাজী নজরুল হয়ে ওঠার গল্প। ছিল তাঁর প্রেমের কথাও। সেই সঙ্গে সৃষ্টিকর্মের প্রেক্ষাপটও উঠে এল সবার সামনে।
নজরুলের যাপিত জীবন ব্যাখ্যা করে অনিন্দিতা কাজী বললেন, তিনি দিনের বেলায় রুটির দোকানে কাজ করতেন, রাতের বেলা করেছেন পুঁথিপাঠ। নজরুলের মানবপ্রেমের কাছে সকল ধর্মই হয়ে গিয়েছিল সমান। এভাবেই হয়ে উঠেছিলেন সাম্যের কবি। অন্যদিকে এই মানুষটিই আবার ছিলেন ক্রীড়ামোদী। ফুটবল খেলা দেখতে গিয়ে বন্ধুদের এক করে ফেলতেন। যে দলে ছিলেন প্রেমেন্দ্র মিত্র, বুদ্ধদেব বসুর মতো সাহিত্যিকেরা।
রবীন্দ্র-নজরুলের সম্পর্কের কথাও উঠে আসে অনিন্দিতার কথায়। বলেন, ‘দাদু কবিগুরুর আশীর্বাদ পেয়েছেন সব সময়। তাঁকে নিয়ে দাদু কবিতাও লিখেছিলেন। তিনি লিখেছিলেন, “হে কবি, হে ঋষি অন্তর্যামী আমারে করিও ক্ষমা।”’ কবিতাটি আবৃত্তি করেও শোনান অনিন্দিতা।