'অনিল বাগচির একদিন' চট্টগ্রামে

চট্টগ্রামে বিজয় দিবস উপলক্ষে ‘অনিল বাগচীর একদিন’ ছবিটি দেখানো হবে। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল ক্রিয়েশনসের নির্বাহী প্রযোজক এন রাশেদ চৌধুরী জানান, ১৮ ডিসেম্বর থেকে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ছবিটির প্রদর্শনী হবে। ২২ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন ছবিটির প্রদর্শনী হবে বেলা ১১টা, বেলা তিনটা, বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাতটায়।
১১ ডিসেম্বর থেকে ‘অনিল বাগচীর একদিন’ ছবিটি রাজধানীর স্টার সিনেপ্লেক্সে দেখানো হচ্ছে।
জনপ্রিয় লেখক প্রয়াত হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন মোরশেদুল ইসলাম। ছবিতে ‘অনিল বাগচী’র চরিত্রে অভিনয় করেছেন সৈয়দ আরেফ। এ ছবিতে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, তৌফিক ইমন, জ্যোতিকা জ্যোতি, ফারহানা মিঠু, মিশা সওদাগর প্রমুখ। সংগীত পরিচালনা করেছেন সানি জুবায়ের।
এন রাশেদ চৌধুরী জানান, হুমায়ূন আহমেদের মৃত্যুর পর তাঁর কাহিনি নিয়ে এবারই প্রথম কোনো চলচ্চিত্র তৈরি হলো। সম্প্রতি শ্রীলঙ্কার কলম্বো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। পরে ছবিটি থাইল্যান্ডের ব্যাংকক উৎসবে ‘এশিয়ান কনটেমপোরারি অফিশিয়াল সিলেকশন’ বিভাগে প্রদর্শিত হয়।