'অনিল বাগচীর একদিন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনিল বাগচীর একদিন ছবিতে আরেফ সৈয়দ ও জ্যোতিকা জ্যোতি
অনিল বাগচীর একদিন ছবিতে আরেফ সৈয়দ ও জ্যোতিকা জ্যোতি

প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন ১৩ নভেম্বর। এ বছর এই দিনটিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে অনিল বাগচীর একদিন ছবিটি। হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস অবলম্বনে ছবিটি তৈরি হয়েছে। পরিচালক মোরশেদুল ইসলাম। প্রযোজনা করেছে বেঙ্গল ক্রিয়েশনস। গত শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনিল বাগচীর একদিন ছবির প্রথম প্রদর্শনী হয়। আর এই প্রদর্শনী ছিল শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য।
প্রদর্শনী শেষে ছবিটি নিয়ে আলোচনায় অংশ নেন সৈয়দ সালাউদ্দিন জাকি, মোরশেদুল ইসলাম, গিয়াসউদ্দিন সেলিম, মাহমুদুল হোসেন ও জাকির হোসেন রাজু।
মোরশেদুল ইসলাম বলেন, ‘হুমায়ূন আহমেদের মৃত্যুর পর তাঁর কাহিনি নিয়ে এই প্রথম চলচ্চিত্র তৈরি হলো। আমরা তাঁর মা আয়েশা ফয়েজ ও স্ত্রী মেহের আফরোজ শাওনের কাছ থেকে এ ব্যাপারে অনুমতি নিয়েছি। ছবিতে হুমায়ূন আহমেদের সংলাপ ব্যবহার করা হয়েছে।’
ছবির নির্বাহী প্রযোজক এন রাশেদ চৌধুরী বলেন, ‘আমরা প্রেক্ষাগৃহের পাশাপাশি বিকল্প উপায়েও সারা দেশে ছবিটির প্রদর্শনীর আয়োজন করব। সম্প্রতি ছবিটি চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে।’
ছবির শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে অতিথিদের পরিচয় করিয়ে দেন মোরশেদুল ইসলাম।