
সুষমা সরকার। নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্রে অভিনয় করছেন নিয়মিত। কাজ করেছেন মঞ্চেও। আজ এনটিভিতে প্রচারিত হবে তাঁর অভিনীত দুটি নাটক ভালোবাসার চতুষ্কোণ ও কর্পোরেট।
‘বর্ণ-গন্ধ-ছন্দ-গীতিতে’...
নারী নির্যাতনবিরোধী একটি বিজ্ঞাপন দিয়ে সবার নজরে আসি। এর পর থেকেই পরিচালকেরা আমাকে অভিনয়ের প্রস্তাব দেন। পরে আরও কিছু অভিনয়নির্ভর বিজ্ঞাপনে কাজ করেছি।
নাটকের শুরু...
গিয়াসউদ্দিন সেলিমের সাদা মেঘের বৃষ্টি নাটকটি দিয়ে। আমার বিপরীতে ছিলেন মোশাররফ করিম। তখন আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিষয়ের শিক্ষার্থী ছিলাম।
‘দেশ নাটকের’ আমি...
বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষে পড়ার সময় ‘দেশ নাটকে’ যোগ দিই। নানা ব্যস্ততার কারণে এখন মঞ্চে উঠতে পারছি না। খুব মিস করি!
‘ডুবসাঁতার’ ও‘অল্প অল্প প্রেমের গল্প’...
নূরুল আলম আতিকের ডুবসাঁতার ছবিতে অভিনয় করেছি। এ ছাড়া অনিকেত আলমের আউট অব দ্য বক্স-এর কাজও শেষ করেছিলাম। কিন্তু ছবিটি এখনো ‘আউট অব দ্য বক্সেই’ আছে! অল্প অল্প প্রেমের গল্প ছবিটির কাজও শেষ। এ ছাড়া পারলে ঠেকা ছবিতে অভিনয় করছি আমি।
জীবনের লক্ষ্য রচনায় যা লিখতাম...
কখনো বিমানবালা, কখনো শিক্ষক হতে চেয়েছি। তবে ছোটবেলায় আয়নার সামনে দাঁড়িয়ে অভিনয় করতাম। খাওয়ার সময় পাশে কল্পিত এক চরিত্রের সঙ্গেও কথা বলতাম!
এখন যা যা করছি...
সাতটি ধারাবাহিকে অভিনয় করছি। তার মধ্যে কর্পোরেট, ভালোবাসার চতুষ্কোণ, কাচের ক্যানভাস, প্রজ্ঞা পারমিতা, লেডিস ফার্স্ট ও বড় বাড়ির ছোট বউ উল্লেখযোগ্য। আর একাত্তর টিভি ও এনটিভিতে দুটি অনুষ্ঠানও উপস্থাপনা করছি।
যে ভুল বারবার করি...
অনেক কিছুই ভুলে যাই! এ কারণে অনেকেই ভীষণ অভিযোগ করেন!
মাহফুজরহমান