শাহেদ। টেলিভিশন অভিনেতা ও পরিচালক। অভিনয় করছেন চলচ্চিত্রেও। আজ এটিএন বাংলায় প্রচারিত হবে তাঁর অভিনীত ধারাবাহিক নাটক নীড় খোঁজে গাঙচিল।এখনকার ব্যস্ততা...নিয়ত নিয়তি নিতান্তই নামের একটি নাটকের কাজ শেষ করলাম। নাটকটি পরিচালনা ও রচনা আমারই। অভিনয় করেছেন তৌকীর আহমেদ, প্রসূন আজাদসহ অনেকে। ছেলেটি আবোলতাবোল মেয়েটি পাগল পাগল ছবিতে অভিনয় করছি; শুটিং চলছে। এ ছাড়া ধারাবাহিকের কাজ তো চলছেই; প্রচারও হচ্ছে। আর ঈদের জন্য কয়েকটি নাটকে অভিনয় করলাম। বিজ্ঞাপনের ব্যাপারেও কথা চলছে। অভিনেতা, না পরিচালক—যে পরিচয়ে তুষ্ট বেশি...অভিনয় আমার পেশা, আর পরিচালনা আমার প্যাশন। দুই মাধ্যমেই ভালোবাসা কাজ করে।অভিনয়ের গুরু মানি...আমার অভিনয়ের গুরু অসংখ্য। একজন দুজন নন। আর কেবল দেশেরই নয়, দেশের বাইরের অনেক অভিনয়শিল্পীর অভিনয় আমার ভীষণ প্রিয়। তাঁদের অভিনয় আমাকে ভালো কাজ করার অনুপ্রেরণা জোগায়।অভিনয়শিল্পী পরিবারের সদস্য হলে সুবিধা-অসুবিধা...অসুবিধার চেয়ে সুবিধাই অনেক বেশি। বিশেষ করে আমি আমার কাজের সমালোচনা পাই ঘরে বসেই। এ ক্ষেত্রে আমার শ্বশুর আবুল হায়াতের কথা বলতেই হয়। একজন অসাধারণ মানুষ, অসাধারণ অভিনেতা তিনি। তাঁর সঙ্গ পাওয়া আমার সৌভাগ্য।শ্বশুর, না অভিনেতা—যে পরিচয়ে আবুল হায়াত আমার কাছে গুরুত্বপূর্ণ...দুই ক্ষেত্রেই তিনি সেরা। অভিনেতা হিসেবে তিনি আমার চোখে গুরুত্বপূর্ণ। শ্বশুর হিসেবেও তেমনটাই। দুটি সত্তাকে আসলে মেলানো যায় না।জীবনের সবচেয়ে স্মরণীয় ফোনকল...বছর পাঁচ-ছয় আগে। নওয়াজিশ আলী খানের ফোনকলটি স্মরণীয় ফোনকলগুলোর মধ্যে অন্যতম। আমার প্রথম লেখা নাটক আয়নার সাথে আলিঙ্গন প্রচার হবে কি হবে না, তা নিয়ে চিন্তায় ছিলাম। ঠিক তখন তাঁর ফোনটি এসেছিল। নাটকটির প্রশংসা করে তিনি বলেছিলেন, ‘আমরা তোমার নাটকটি নিচ্ছি।’যে কাজটি করবই...তেমন কোনো পরিকল্পনা নেই। তবে অনেক দিন পরে ছবিতে অভিনয় করছি। এতে ভালো অভিনয় করতে চাই।মাহফুজ রহমান