রুনা খান। অভিনয় করছেন টিভি নাটকে, কাজ করেছেন বিজ্ঞাপনচিত্রেও। এনটিভিতে আজ রাতে প্রচারিত হবে তাঁর অভিনীত ধারাবাহিক নাটক অঘটনঘটনপটীয়সী। লিখেছেন ও পরিচালনা করেছেন আলী ফিদা একরাম। আজকের কথোপকথন রুনা খানের সঙ্গে। আমি যখন পারুল...এনটিভিতে প্রচারিত হচ্ছে অঘটনঘটনপটীয়সী। নাটকে আমার চরিত্রের নাম পারুল। কাজের বুয়ার চরিত্র। খুব মজার একটি কাজ। বাড়ির কাজের লোক হলেও সংসারে পারুলের খুব দাপট। সে-ই বাড়ির সবকিছু নিয়ন্ত্রণ করে।আমার অভিনীত আর যে নাটকগুলো প্রচারিত হচ্ছে...কয়েকটি ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে—অগ্নিপথ, বৈরী বাতাস, অলসপুর, বিশেষ দ্রষ্টব্য...যেদিন প্রথম ভাবলাম, অভিনেত্রীই হব...আমি বড় হয়েছি মফস্বল শহর টাঙ্গাইলে। ছোটবেলা থেকেই সাংস্কৃতিক কর্মকাণ্ডে আমার আগ্রহ। কলেজে পড়ার সময় বুলবুল ললিতকলা একাডেমিতে নাচ শিখেছি। ২০০২ সালে নাগরিক নাট্য সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হই। এরপর যখন টিভি নাটক করা শুরু করলাম, ভাবলাম, আমার পছন্দের কাজকেই পেশা হিসেবে নিই।সিসিমপুরের সুমনা...এই একটি চরিত্র আমাকে সবচেয়ে বেশি পরিচিতি দিয়েছে। একেবারে প্রথম দিকের কাজ। একসময় দর্শক একজন অভিনয়শিল্পীকে তাঁর চরিত্রের নামেই চিনত। যেমন, আসাদুজ্জামান নূর হয়ে উঠেছিলেন ‘বাকের ভাই’। এখন এত নাটক, এত টিভি চ্যানেল, চরিত্রের নামে পরিচিতি পাওয়া খুব কঠিন। সেখানে অনেকেই আমাকে সুমনা নামে চেনে, এটা অনেক বড় প্রাপ্তি।খুদে ভক্তদের কাণ্ড...বাচ্চারা তো সুমনাকে খুবই পছন্দ করে। ইকরি কেমন আছে, টুকটুকি কেমন আছে—জানতে চায়। কুমিল্লায় একবার শুটিংয়ে গিয়েছি। এক মা এসে আমাকে বললেন, ‘সিসিমপুর সপ্তাহে তিন দিন দেখায়, এই তিন দিন আমার বাচ্চাটা ঠিকমতো খায়। আপনারা এটা প্রতিদিন দেখানোর ব্যবস্থা করতে পারেন না?’স্বপ্ন দেখি...আমার মেয়ে রাজেশ্বরী, আমি, আমার স্বামী—সবাই মিলে একটা সুস্থ-সুন্দর জীবন কাটাতে চাই। আর জীবনের শেষ দিন পর্যন্ত ক্যামেরার সামনে দাঁড়াতে চাই।নাচের খবর...নাচ এখন আর সেভাবে কোনো অনুষ্ঠানে করা হয় না। একেবারেই ঘরোয়া আয়োজনে মাঝেমধ্যে করি। তবে ইচ্ছা আছে পুরোদমে নাচটা শুরু করব।মো. সাইফুল্লাহ