
মোশাররফ করিম। এ সময়ের অন্যতম জনপ্রিয় অভিনয়শিল্পী। আজ চ্যানেল আইয়ে তাঁকে দেখা যাবে ১৯৭১ সেই সব দিনগুলো ধারাবাহিক নাটকে।
‘১৯৭১ সেই সব দিনগুলো’...
খুব ভালো লাগার একটি কাজ হয়েছে। পরিচালক হূদি হক খুব যত্ন নিয়ে কাজটি করেছেন। এটাই তাঁর পরিচালনায় আমার প্রথম অভিনয়। ১৯৭১ সালের সেই সময়টাকে খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন হূদি। পোশাক, ঘরবাড়ির অন্দরমহল, গাড়ি, মেকআপ, পরিবেশ—সবকিছুতেই ওই সময়ের আবহ ফুটিয়ে তোলা সত্যিই কঠিন কাজ ছিল। পরিচালক সেই সাহসটা করেছেন। আর গল্পটিও দারুণ!
‘১৯৭১ সেই সব দিনগুলো’র আমি...
নাটকটিতে আমি অভিনয় করেছি বাড়ির মেজো ছেলের ভূমিকায়, যে বিয়ে করে এক ধনীর মেয়েকে। শ্বশুর আবার পশ্চিম পাকিস্তানপ্রেমী। এ কারণে আমাকে তাঁর অনুসারী হতে হয়। কিন্তু একসময় নিজের ভুল বুঝতে পারি।
কোরবানির ঈদের নাটক...
এক ঈদ শেষে আরেক ঈদের কাজ শুরু হয়ে গেছে। বেশ কয়েকটি নাটকেই অভিনয় করছি।
আমার লেখা...
এসএ টিভিতে আমার লেখা বিশেষ দ্রষ্টব্য ধারাবাহিকটি প্রচারিত হচ্ছে। দর্শকসাড়া বেশ ভালো। তবে চাইলেও লেখালেখির জন্য সময় বের করতে পারি না। সারা দিন অভিনয়ে যে পরিশ্রম করি, তারপর আর লেখার মতো মানসিক অবস্থা থাকে না।
ঈদের ছুটি ও ব্যস্ততা...
এবার সাত দিনের ছুটি ছিল। কীভাবে যে কেটে গেল! ছুটিতে বাইরে কোথাও যাইনি। যেতে পারলে অন্তত একটু মানসিক বিশ্রাম হতো, যা খুব দরকার। প্রতিদিন ভাবি, এত এত যে কাজ করছি, কী লাভ হচ্ছে! আবার অনেক অনুরোধই ফেলতে পারি না। আর অনেকেই আমার কষ্ট বুঝতে পারেন না! তবে দর্শকের মুখে যখন ভালো লাগার কথা শুনি, তখন ভালো লাগে।
স্ত্রী জুঁই করিমের অভিনয়...
এটা বলা তো খুব মুশকিল! তার পরও সহ-অভিনেতা হিসেবে বলা যায়, ওর অভিনয়ের মেধা ভালো। বেশ ভালোই করছে। আমি খুশি।
মাহফুজ রহমান