‘অন্তর্ধান’ চলচ্চিত্রের পোস্টার ও প্রোমো উন্মোচন
পদ্মা! সর্বনাশা পদ্মা! রাক্ষুসী পদ্মা! পদ্মাকে ঘিরে এমনই বিশেষণ আবর্তিত হতো মানুষের মুখে মুখে। বহু মানুষের জীবন-জীবিকার সেই প্রমত্ত পদ্মা শুকিয়ে আজ বুকে ধারণ করছে বালু আর বালু। পদ্মার চর মরুভূমির হাতছানি দিচ্ছে, হয়ে উঠেছে রুক্ষ। এ মরু পদ্মাপারে কেমন আছে দু-পারের মানুষ! এ প্রেক্ষাপট সামনে রেখে তৈরি হয়েছে অন্তর্ধান চলচ্চিত্র।গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে এই চলচ্চিত্রের পোস্টার ও প্রোমো উন্মোচন করা হয়। এ সময় পরিচালক সৈয়দ অহিদুজ্জামান এভাবেই তাঁর নির্মিত তৃতীয় চলচ্চিত্রের প্রেক্ষাপট বর্ণনা করেন। প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, নদীর গতিপ্রবাহ বন্ধ করে নদীকে মেরে ফেলা হচ্ছে। জলবায়ুর পরিবর্তনে পরিবেশ আজ ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন। এর উৎস কী, তা খুঁজে দেখা দরকার। সাংবাদিক কামাল লোহানী বলেন, ‘আমি নদীর ভাঙনে তাড়া খাওয়া মানুষ। যে নদী একসময় সব কেড়ে নিত, সেই নদী আজ পরিণত হয়েছে ফসলের জমিতে। চর জেগেছে নদীর বুকে। রাজনৈতিক প্রেক্ষাপট বাদ দিলেও ফারাক্কা বাঁধ আমাদের জীবনে এক বিষণ্নতা সৃষ্টি করেছে।’ এ সময় তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, এই পদ্মা আগে কেমন ছিল, আর এখন কেমন!অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চলচ্চিত্র প্রযোজক শবনম শেহ্নাজ চৌধুরী, সাইফুল ইসলাম প্রমুখ।অন্তর্ধান চলচ্চিত্রের কলাকুশলীরা হলেন: ফেরদৌস, নিপুণ, রেখা চৌধুরী, রবিউল আলম, তনয়, ওয়াহিদা সাবরিনা প্রমুখ। এই ছবির পরিচালক এর আগে নাচোলের রানী, গঙ্গাযাত্রা ছবি দুটি নির্মাণ করেন।