'অন্ধকারের শক্তিকে রুখতে পারে বাউল দর্শন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বক্তব্য রাখছেন আসাদুজ্জামান নূর
বক্তব্য রাখছেন আসাদুজ্জামান নূর

বাউল ভাবদর্শন পারে অন্ধকারের শক্তি রুখে দিতে। আজ রোববার সকালে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় এক বাউল সমাবেশে এ কথা বলেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ১১ আগস্ট থেকে জাতীয় চিত্রশালায় শুরু হয়েছে চার দিনের লালন ভাবধারার ভাবশিষ্যদের নিয়ে ভাবসংগীত ও সম্মেলন ‘জঙ্গিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক জাগরণ’। এ আয়োজনের শেষ দিনে আজ সকালে চিত্রশালা প্লাজায় ছিল বিষয়ভিত্তিক আলোচনা। তাতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

তিনি বলেন, ‘বাউলের যে দর্শন, তা আমাদের জীবনেরই দর্শন। যে দর্শন জাতি-ধর্ম-বর্ণ-গোত্র-পেশার মধ্যে ভেদাভেদ না করে সবাইকে মনুষ্যত্বের আহ্বানে একত্র করে। এটি সমগ্র মানবজাতির দর্শন, যার ছায়ায় সব ধর্মের-গোত্রের-সম্প্রদায়ের মানুষ সমবেত হতে পারে।’
তিনি আরও বলেন, ‘মানুষে মানুষে যখন ভালোবাসার ঘাটতি হয়, তখনই শুরু হয় সংকট, ঘটে নানা বিপর্যয় ও ধ্বংস। এ পরিস্থিতির উত্তরণে বাউল ভাবদর্শন পালন করতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। কারণ, এ দর্শনের মূল কথা মানুষের প্রতি মানুষের ভালোবাসা, বিশ্বাস, শ্রদ্ধা আর সম্প্রীতি।’

বাউলদের সঙ্গে পদযাত্রায় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সচিব ও লিয়াকত আলী
বাউলদের সঙ্গে পদযাত্রায় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সচিব ও লিয়াকত আলী

শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আকতারী মমতাজ। অনুষ্ঠানে বক্তব্য দেন বাউল সাধক নহির শাহ, বাউল পাগলা বাবুল ও বাউল হৃদয় সাধু প্রমুখ। সারা দেশ থেকে আসা প্রায় ৩০০ বাউল এ সময় উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, ‘বর্তমানে অন্ধকারের শক্তিগুলো বাংলাদেশে তাদের অপতৎপরতা চালানোর চেষ্টা করছে। তারা ধর্মের নামে মুক্তমনা মানুষ, ব্লগার, লেখক-প্রকাশক, শিল্পী-কবি-সাহিত্যিক, পুরোহিত, ইমাম, বিদেশিসহ নিরীহ মানুষ হত্যা করছে। বিভিন্ন সময়ে দেশের নানা প্রান্তে বাউলদের ওপর চালাচ্ছে নির্যাতন। এটি শুধু ব্যক্তি বা গোষ্ঠীর ওপর হামলা নয়, আমাদের সবার ওপর হামলা, মানবজাতির ওপর হামলা, আমাদের সাংস্কৃতিক আন্দোলনের ওপর হামলা। এ অপশক্তিগুলোর মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবে। এ ক্ষেত্রে বাউল ভাবদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কারণ, এ ভাবদর্শন মানুষের অন্তরাত্মাকে আলোকিত করে, তাঁকে দেখায় আলো-অন্ধকারের পার্থক্য, তাঁকে শেখায় পাপ-পুণ্যের ভেদাভেদ।’
অনুষ্ঠানে পর বাউল নহির শাহের সঙ্গে সমবেত কণ্ঠে লালন সাঁইয়ের ‘সত্য বল সুপথে চল’ গানটি পরিবেশন করেন উপস্থিত বাউলেরা। পরে সংস্কৃতিমন্ত্রীর নেতৃত্বে জাতীয় চিত্রশালা থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত ‘জঙ্গিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক জাগরণ’–সংবলিত ব্যানার, একতারা, দোতারাসহ দেশীয় বাদ্যযন্ত্র নিয়ে লালন সাঁইয়ের গানে গানে বাউলদের পদযাত্রা শুরু হয়। সংস্কৃতিসচিব ও শিল্পকলা একাডেমির মহাপরিচালকও এতে অংশ নেন।