
তমালিকা কর্মকার। মঞ্চ ও টেলিভিশনের অভিনয়শিল্পী। চলচ্চিত্রে অভিনয় করে পেয়েছেন জাতীয় পুরস্কার। আজ তাঁকে দেখা যাবে বৈশাখী টিভিতে, বড় বাড়ির ছোট বউ ধারাবাহিকে।
‘আরণ্যকের’ তমালিকার সবচেয়ে বড় প্রাপ্তি...
আরণ্যক আমার ‘সেকেন্ড হোম’। ২১ বছর ধরে মঞ্চে অভিনয় করছি আরণ্যকের কারণেই। এই নাট্যদলটির কারণে আমি দেশ-বিদেশে সম্মানিত হয়েছি। মাটি ও মানুষের সঙ্গে মিশতে পেরেছি। শিখেছি মানবিক ও সহানুভূতিশীল হতে। এখান থেকে প্রতিনিয়ত শিখছি। মানুষের জীবনে এর চেয়ে বড় প্রাপ্তি আর কীই-বা হতে পারে।
মঞ্চের প্রিয় চরিত্র...
সব চরিত্রই প্রিয়। তার পরও ময়ূরসিংহাসন নাটকের তৃষ্ণা, জয়জয়ন্তীর চরিত্রটি কিংবা রাঢ়াঙ নাটকের শ্যামলী চরিত্রগুলো প্রিয়।
যে সময়টায় ফিরে যেতে চাই...
আমার এমন কোনো ইচ্ছা নেই। যে সময়টায় আছি, সেখানেই থাকতে চাই। আমি কেবল অভিনয় করতে ভালোবাসি। পেছনে ফিরে দেখার অবকাশ নেই।
অভিনয় বাদে শিল্পের যে মাধ্যম আমাকে বেশি টানে...
কোনো মাধ্যমই টানে না। আমি নাচ শিখেছি, গানের কোর্স করেছি, আঁকাআঁকি করেছি। কিন্তু অভিনয় বাদে কোনো বিষয়েই আগ্রহী হইনি। তবে এসব অভিজ্ঞতা আমার অভিনয়ের কাজে লেগেছে।
‘অন্যজীবন’ থেকে‘ঘেটুপুত্র কমলা’...
প্রথম ছবি অন্যজীবন। তারপর অভিনয় করেছি এই ঘর এই সংসার ছবিতে। ব্যবসাসফল ছবি ছিল সেটি। এরপর কিত্তনখোলায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। সর্বশেষ অভিনয় করেছি হুমায়ূন ভাইয়ের (হুমায়ূন আহমেদ) ঘেটুপুত্র কমলায়, অতিথি চরিত্রে। এখনো ইচ্ছা আছে খুব ভালো একটি ছবিতে অভিনয় করব, যেখানে আমিই হব প্রধান চরিত্র। এটা আমার স্বপ্ন।
নাটক নাটক...
বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করছি, প্রচারিতও হচ্ছে নিয়মিত। এর মধ্যে উল্লেখযোগ্য আগুনপোকা, ক্ষণিকালয়, বড় বাড়ির ছোট বউ। বক্তব্যপ্রধান নাটকে অভিনয় করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। তাই চিত্রনাট্য পড়ে এবং ভালো পরিচালকের নাটকেই অভিনয় করি। একটু অন্য রকম কিছু করার স্বপ্ন দেখি সব সময়।
l মাহফুজরহমান