‘অন্যভাবে এক্সপ্রেশনটা দিন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৃশ্য. একরাত নামার সঙ্গে সঙ্গে এফডিসির প্রধান ফটকে কমে এসেছে দর্শনার্থীদের জটলা। চার নম্বর ফ্লোরের সামনে কয়েকটি গাড়ি দাঁড়ানো। স্টুডিওর ভেতরে ঢুকতেই চোখে পড়ল সাজানো-গোছানো শোয়ার ঘরের একটি সেট। একজন জানালেন, দেবাশীষ বিশ্বাসের ভালোবাসা জিন্দাবাদ ছবির শুটিং চলছে। এবার সেটের দরজা দিয়ে উঁকি দিলাম। দেখি, বিছানায় শুয়ে আছেন রেবেকা ও নবাগত আইরিন। কীভাবে লুকিয়ে দরজা দিয়ে ঘরে ঢুকতে হবে—ফ্লোরে দাঁড়িয়ে পরিচালক দেবাশীষ বিশ্বাস আরেফিন শুভকে তা দেখিয়ে দিচ্ছেন। এ ছবিতে শুভ আছেন নায়কের ভূমিকায়। প্রস্তুতি শেষ। শুভ দরজার বাইরে চলে গেলেন। পরিচালক বললেন, ‘এবার আসো, সবাই চুপ, রোলিং, অ্যাকশন।’ ক্যামেরা চলছে। পা টিপে টিপে ঘরে প্রবেশ করলেন শুভ। বিছানায় গিয়ে বসলেন আইরিনের পাশে। একটি দৃশ্যের এতটুকু শট ‘ওকে’ করলেন পরিচালক। এবার পরেরটুকু ধারণের জন্য প্রস্তুতি। এই ফাঁকে দৃশ্যটি নিয়ে কথা হলো তাঁর সঙ্গে। বললেন, বড় লোকের আদরের মেয়ে আইরিন। সামান্য জ্বর এসেছে। তার এই অসুস্থতার খবর জানতে পারে ভালোবাসার মানুষ শুভ। শুভ তাকে দেখতে আসতে চায়। কিন্তু পাশে মা শুয়ে থাকার কারণে আইরিন শুভকে আসতে নিষেধ করে। তার পরেও পালিয়ে পালিয়ে শুভ আইরিনের শোয়ার ঘরে ঢুকে পড়ে—পুরো দৃশ্যটা এমন।আইরিন ছবিতে তাঁর চরিত্র সম্পর্কে বললেন, ‘আমার চরিত্রটি অনেক মজার। কাজের অনেক সুযোগ আছে। দেবাশীষ দা এবং শুভ ভাইয়া দুজনেই আমাকে সহযোগিতা করছেন।’ওদিকে তখন এই দৃশ্যেরই পরের শটের প্রস্তুতি চলছে। শুভর হাতে একটা ললিপপ চকলেট দেখা গেল। এর মধ্যে আইরিন আবদার করে বসলেন, ওই চকলেটটি তাঁকে দিতে হবে। কিন্তু শুভ তা দেওয়ার কথা বলে আইরিনের মুখের কাছে নিয়েই আবার সেটি ফিরিয়ে নিয়ে দ্রুত চলে গেলেন সেটের বাইরে। হেসে কুটি কুটি হয়ে বসে পড়লেন আইরিন।দৃশ্য. দুইরাতের ক্যানটিন চত্বর। লোকজন কম। পরিচালক সমিতির কার্যালয় হয়ে সাত নম্বর ফ্লোরে যেতেই ভেতর থেকে গানের শব্দ কানে এল। বাইরে বেশ কিছু মানুষের জটলা। তাঁদের একজনকে জিজ্ঞাসা করতেই জানা গেল, ভেতরে পি এ কাজলের ভালোবাসা আজকাল ছবির কাজ হচ্ছে। ফ্লোরে জেলখানার সেট ফেলা হয়েছে। পুরো শুটিং ইউনিট জেলের ভেতরে। দেয়ালের এক পাশে দাঁড়ানো শাকিব খান। তাঁর চোখে পানি। চেহারা বিধ্বস্ত। নৃত্য পরিচালক মাসুম বাবুল দৃশ্য বুঝিয়ে দিচ্ছেন। এর মধ্যে ক্যাসেট প্লেয়ারে ‘যদি ভালোবাসা সত্যি হয়, সত্যি হয় দুটি মন...’ গানটি বেজে উঠল। গানের সঙ্গে অতীতের ভালোবাসার সব স্মৃতির কথা মনে করে জেলখানায় বসে কষ্ট পাচ্ছেন শাকিব। দৃশ্যটি ধারণের মাঝপথে হঠাৎ ‘কাট...কাট’ বলে চিৎকার করে উঠলেন মাসুম বাবুল। শাকিবকে বললেন, ‘আরেকটু অন্যভাবে এক্সপ্রেশনটা দিন। যাতে মনে হয়, আপনার অবস্থা খুবই খারাপ। খুব কষ্ট আপনার—এমন এক্সপ্রেশন।’ চোখ বন্ধ করে আরেকটু মনোযোগী হলেন শাকিব খান। প্রস্তুত হয়ে বললেন, ‘ওকে, চলেন আমরা টেকে যাই।’ গান বেজে উঠল আবার। ক্যামেরা চলছে। গান বাজছে...।