
বছর পাঁচেক আগে রাজু চৌধুরীর পরিচালনায় সাহেব নামের গোলাম ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন ওমর সানী ও মৌসুমী। স্বামী-স্ত্রীর চরিত্রে দুজনকে দেখা গিয়েছিল ছবিটিতে। দীর্ঘ সময় পর আবারও তাঁরা একসঙ্গে চলচ্চিত্রে অভিনয় করছেন। ছবির নাম অপারেশন নাইনটি ওয়ান। পরিচালক সোহানুর রহমান সোহান। এই ছবিতেও স্বামী-স্ত্রী চরিত্রে দেখা যাবে দুজনকে। বাস্তব জীবনেও তাঁরা স্বামী-স্ত্রী। পর্দায় ওমর সানীর স্ত্রী চরিত্রে অভিনয় করার অনুভূতি কেমন? মৌসুমী বলছিলেন, ‘অভিনয়ের ক্ষেত্রে সানীর সঙ্গে আমার বোঝাপড়া খুবই ভালো। ছবিতে দুজনের চরিত্রই অনেক মজার। এ ধরনের গল্প সোহান ভাই খুব ভালোভাবে ছবিতে তুলে আনতে পারেন।’
ওমর সানীর মন্তব্য, ‘আমাদের বাস্তব জীবনের রসায়ন পর্দায় ফুটিয়ে তুলতে পারলে সাফল্য আসবে।’
দুজনকে স্বামী-স্ত্রীর চরিত্রে নেওয়া প্রসঙ্গে সোহানুর রহমান সোহান বলছিলেন, ‘গল্পের প্রয়োজনেই দুজনকে একসঙ্গে নিয়েছি।’
আগামী নভেম্বরের প্রথম দিকে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা।