'অপেরা-শিল্পীর' জীবনকথন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্লোরেন্স ফস্টার জেনকিন্স
ফ্লোরেন্স ফস্টার জেনকিন্স

ফ্লোরেন্স ফস্টার জেনকিন্স ছিলেন বিশ শতকের যুক্তরাষ্ট্রের অভিজাত সমাজের একজন। সংগীতের প্রতি তাঁর ছিল অগাধ ভালোবাসা। একপর্যায়ে পরিণত হন সেই সময়ের সবচেয়ে জনপ্রিয় অপেরা-গায়িকায়।
একই সঙ্গে বিত্তশালী এবং দানশীল ছিলেন ফ্লোরেন্স। তবে তাঁর পরিচিতির কারণ সংগীত প্রতিভা নয়; বরং উল্টো। সত্যি কথা বলতে কি, তাঁর কণ্ঠ মোটেও সুরেলা ছিল না। তবু সংগীত-জগতে প্রতিষ্ঠা পেতে তাঁর নিষ্ঠার কমতি ছিল না। লোকে তাঁর গানের আসরে ভিড় জমিয়ে একধরনের মজা নিত। তবে ব্যাপারটাকে নিজের জনপ্রিয়তা বলেই ধরে নেন ফ্লোরেন্স। আর আসলেও একসময় তা-ই ঘটেছিল!
ব্যতিক্রমী এই গায়িকার জীবনীভিত্তিক ছবি ফ্লোরেন্স ফস্টার জেনকিন্স মুক্তি পাচ্ছে আগামীকাল শুক্রবার (১২ আগস্ট)। নাম ভূমিকায় অভিনয় করেছেন অস্কারজয়ী তারকা মেরিল স্ট্রিপ। জেনকিন্সের স্বামী ও ম্যানেজার ক্লেয়ার বেফিল্ডের চরিত্রে রয়েছেন ব্রিটিশ তারকা হিউ গ্র্যান্ট। স্ত্রীর সংগীতপ্রতিভার ঘাটতির বিষয়টি তাঁর কাছ থেকে সব সময় লুকিয়ে রাখার চেষ্টা করেন বেফিল্ড। তাঁর ভালোবাসা আর আশ্বাসেই জেনকিন্স বিশ্বাস করতে শুরু করেন, তিনি সত্যিই একজন বড় শিল্পী।

মেরিল স্ট্রিপ
মেরিল স্ট্রিপ

তবে এ কথা সত্যি যে গানের প্রতি জেনকিন্সের ভালোবাসায় কোনো ঘাটতি ছিল না। আর এটিই তাঁর চরিত্রের ইতিবাচক দিক—মনে করেন মেরিল স্ট্রিপ। কাহিনির প্রয়োজনে এই ছবির গানে কণ্ঠ দিয়েছেন তিনি। ব্যাপারটা অবশ্য প্রথম নয়। মামা মিয়া এবং ইনটু দ্য উডস ছবিতেও গেয়েছেন মেরিল স্ট্রিপ। কিন্তু ফ্লোরেন্স ফস্টার জেনকিন্স-এ তাঁকে নিজের প্রতিভা লুকোতে হয়েছে!
হিউ গ্র্যান্টসও এই ছবিতে বেফিল্ডের ভূমিকায় কাজ করে বিস্তর মজা পেয়েছেন। বললেন, বেফিল্ড নিজের স্ত্রীকে ভালোবাসেন। তবে স্বার্থের ব্যাপারেও সচেতন তিনি। কারণ জেনকিন্স বিত্তশালী, বেফিল্ড তার বিপরীত। কাজেই নিজ সুরক্ষার জন্যই স্ত্রীকে তো খুশি রাখতে হয়!
কুইন ও ফিলোমেনা ছায়াছবির জন্য খ্যাত পরিচালক স্টিফেন ফ্রেয়ার্সের এই ছবিতে আরও অভিনয় করেছেন রেবেকা ফার্গুসন, সাইমন হেলবার্গ, জন কাবানা, নিনা আরিয়ান্দা প্রমুখ। সত্যিকারের ঘটনানির্ভর ছবিটির দর্শকের চোখ হাসতে হাসতেই ভিজবে বলে আশা করছেন ফ্রেয়ার্স। পাশাপাশি একজন মানুষের ভালোবাসা আর নিষ্ঠার উপস্থাপন এই ছবির দর্শকদের অনুপ্রাণিত করবে। হাসির খোরাকের আড়ালের এই সত্যিটাই জোরালো হয়ে ফুটে উঠেছে এই ছবিতে। ফলে জেনকিন্সকে শুধুই একজন বোকা আর প্রতিভাহীন ব্যক্তি মনে করার সুযোগ কমবে।
জেনকিন্স জানতেন, তিনি কী চান আর কীভাবে সেটা পেতে হয়। ফলে সেই লক্ষ্যে অটল থাকেন। কার্নেগি হলে ১৯৪৪ সালে হাজারো দর্শকের সামনে মঞ্চ অনুষ্ঠানে তিনি অবশ্যই গাইবেন। তাই লোকে যতই হাসাহাসি করুক, আর ইটপাটকেল ছুড়ে মারুক—তিনি আমলে নেননি। এভাবেই তিনি সমালোচনার ঊর্ধ্বে চলে যান! তাই তো মৃত্যুর ৭০ বছর পরও লোকে তাঁকে নিয়ে আলোচনা করে, চলচ্চিত্র বানায় আর পত্রপত্রিকায় লেখে। ১৯৪০-এর দশকের ৯৯ শতাংশ অপেরা গায়িকার নাম মানুষ ভুলে গেছে। কিন্তু জেনকিন্সকে ঠিকই মনে রেখেছে সবাই। তাই জেনকিন্সের জীবন থেকে যে বিষয়টা শিখতে হয়, তা হলো সোজাসাপ্টাভাবে নিজের জীবনটা পুরোপুরি উপভোগ করুন। আর চলার পথে যেসব সুযোগ আসে, সেগুলো কাজে লাগান।
সূত্র: রয়টার্স, বিবিসি ও ইনকোয়ারার