
সৈয়দ শামসুল হকের ‘অন্তর্গত’ কবিতার মধ্য দিয়ে শুরু হলো নাচ। নৃত্যনাট্য মহাকাব্যের অপেক্ষায়-এর মধ্য দিয়ে স্বাধীন দেশের সামনে এগিয়ে যাওয়াকে তুলে ধরলেন এক ঝাঁক শিল্পী।
গতকাল রোববার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ছিল এই নৃত্যনাট্য। ভারতের ঊর্মিমালা সরকার মুন্সীর বিন্যাস ও পরিচালনায় এ নৃত্যনাট্যের প্রথম প্রদর্শনী ছিল কাল। দুই সপ্তাহের কর্মশালার মধ্য দিয়ে সাধনার শিল্পীরা এর জন্য প্রস্তুত হয়েছেন। চোখজুড়ানো আলো, পোশাক ও উচ্ছল এ নৃত্যনাট্য স্বাধীনতা দিবসে উপস্থাপনের জন্যই প্রস্তুত করা হয়েছে। পরিবেশনার পর ছিল এনামুল হকের রচনা, সুর ও সংগীত পরিকল্পনায় গীতিনৃত্যনাট্য সূর্যমুখী নদী। ফারহানা চৌধুরীর পরিচালনায় এটি পরিবেশন করেন বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টসের শিল্পীরা।
নৃত্যনাট্যের আগে ছিল আলোচনাপর্ব। শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে এতে আলোচনা করেন সৈয়দ হাসান ইমাম, আশরাফুল আলম ও নাঈমুল ইসলাম খান। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে ছিল শিল্পকলা একাডেমির পুষ্পস্তবক অর্পণ ও সাংস্কৃতিক পরিবেশনা।