‘অবতার ২’ ছবির মুক্তি পেছালেন ক্যামেরন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অবতার’ ছবির ব্যাপক সাফল্যের পর এর সিক্যুয়েল তৈরির ঘোষণা দিয়েছিলেন নির্মাতা জেমস ক্যামেরন। ‘অবতার-২’ ছবির মুক্তির দিনক্ষণও ঠিক হয়েছিল—২০১৪। সম্প্রতি ‘নিউইয়র্ক টাইমস’ জানিয়েছে, এক বছর পিছিয়েছে এই ছবির মুক্তি। ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘অবতার’ ছবির ব্যাপক সাফল্যের রেশ ধরে পরের বছরই ক্যামেরন এর সিক্যুয়েল ‘অবতার ২’ ও ‘অবতার ৩’ একসঙ্গে নির্মাণের পরিকল্পনা করেছিলেন। ছবি দুটি যথাক্রমে ২০১৪ ও ২০১৫ সালে মুক্তির সিদ্ধান্তও নেওয়া হয়েছিল।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ‘অবতার ২’ মুক্তি পাবে ২০১৫ সালে। ‘অবতার ২’ ও ‘অবতার ৩’ ছবির শুটিং হবে নিউজিল্যান্ডে। ওই দেশের চলচ্চিত্রনির্মাতা ও অভিনেতা পিটার জ্যাকসনের স্টুডিওতে এই দুই ছবির শুটিংয়ের পরিকল্পনা করা হয়েছে। ১৬ মিলিয়ন ডলারে নিউজিল্যান্ডে যে আড়াই হাজার একর আয়তনের চাষের জমি কিনেছেন ক্যামেরন, সেখানেও শুটিং করা হবে। ‘অবতার’ সিক্যুয়েলের শুটিংয়ের কাজে আগামী দেড় বছর নিউজিল্যান্ডেই থাকবেন ক্যামেরন। মূল ছবিতে জো সালডানা, স্যাম ওর্দিংটন ও সিগনি উইভার যে যে চরিত্রে অভিনয় করেছিলেন, সিক্যুয়েলেও সেসব চরিত্রেই দেখা যাবে তাঁদের।