‘অবতার’ ২ ও ৩ এর কাজ শুরু হচ্ছে ২০১৩ সালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯ সালে মুক্তি পাওয়া ‘অবতার’ ছবিটির পরবর্তী দুটি সিক্যুয়েল, অবতার ২ আর ৩ এর কাজ শুরু হচ্ছে ২০১৩ সালে অর্থাত্ সামনের বছরের শেষের দিকে। সম্প্রতি এক খবরে আইএমডিবি নিউজ জানিয়েছে, ‘অবতার ২’ এবং ‘অবতার ৩’ ছবির শুটিং একসঙ্গে করার পরিকল্পনা করেছেন নির্মাতা জেমস ক্যামেরন। এ প্রসঙ্গে অস্কারজয়ী কানাডীয় এ চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক বলেন, ‘এরই মধ্যে অবতার ২ ছবিটির চিত্রনাট্য লেখার কাজ শুরু করেছি। আশা করছি, ২০১৩ সালের শেষ দিকে ছবিটির শুটিং শুরু করতে পারব। একই সঙ্গে অবতার ৩ ছবির শুটিংও শুরু করতে চাই। একসঙ্গে দুটি ছবির শুটিং চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছি।’৫৮ বছর বয়সী ক্যামেরন আরও বলেন, ‘এবার চিত্রনাট্য লেখার কাজ পুরোপুরি শেষ হওয়ার পরই কেবল শুটিং শুরু করব। সম্পাদনার পর নতুন করে চিত্রনাট্য আর লিখতে চাই না। অবতার ছবির ক্ষেত্রে এমনটা হয়েছিল। এজন্য যথেষ্ট ঝক্কিও পোহাতে হয়েছে আমাকে। শেষ পর্যন্ত ছবিটির অনেক দৃশ্যই কেটে দিতে বাধ্য হয়েছিলাম। এবার আর তেমনটা হতে দেব না।’এর আগে এক সাক্ষাত্কারে ক্যামেরন জানিয়েছিলেন, ভবিষ্যতে শুধুমাত্র ‘অবতার’ সিরিজের ছবি তৈরি করেই জীবিকা নির্বাহ করবেন তিনি। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য ছিল, ‘বলা যায়, এখন থেকে কেবল অবতার নিয়েই ব্যবসা করব। ছবিটির দ্বিতীয়, তৃতীয় এমনকি চতুর্থ সিক্যুয়েল তৈরিরও পরিকল্পনা আছে আমার। আমি ঠিক করেছি, অন্য কারও ছবির প্রযোজনা আর করব না। আমার ধারণা, চলচ্চিত্রের মাধ্যমে আমি সবাইকে যে বার্তা দিতে চাই কিংবা যে বার্তা সবার পাওয়া উচিত তা অবতার সিরিজের ছবির মাধ্যমেই দেওয়া সম্ভব।’