'অভিনয় আমাকে ক্লান্ত করে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল হায়াত
আবুল হায়াত

আবুল হায়াত। প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব। তিনি অভিনয় করছেন সাতকাহন ধারাবাহিক নাটকে। ধারাবাহিকটি প্রচারিত হচ্ছে দেশ টিভিতে।

বাংলাদেশের নাটক ও আমি...
এই অভিজ্ঞতা চমকপ্রদ। ১০ বছর বয়স থেকে অভিনয় করছি। এর মধ্যে যুক্ত হয়েছে লেখালেখি ও পরিচালনা। এতেই আমার আনন্দ। অভিনয় আমার মজ্জার সঙ্গে মিশে গেছে। অভিনয় বাদে আর কিছু চিন্তা করতে পারি না। সবচেয়ে বড় বিষয় হলো, এই দীর্ঘ যাত্রায় আমি সব বয়সীদের সঙ্গে মানিয়ে নিতে পেরেছি।
টানা অভিনয়ের পর যখন ক্লান্ত হই...
বাসায় বসে টেলিভিশন দেখি। তবে অভিনয় আমাকে ক্লান্ত করে না। অভিনয় আমি সব সময় উপভোগ করি।

পরিচালনায় যেখানে নতুনত্ব আনতে চাই...
কী নতুনত্ব আনতে চাই বা আনতে পেরেছি, এটা বলা মুশকিল। আমি চাই যে গল্পটি নিয়ে কাজ করছি, তা স্বাভাবিকভাবে, গুছিয়ে, সহজভাবে দর্শকদের সামনে উপস্থাপন করতে। সত্যজিৎ রায় বলেছিলেন, ‘ইউ মাস্ট টেল দ্য স্টোরি।’ খুব সত্যি কথা, শেষমেশ আপনাকে গল্পটিই বলতে হয়। তবে আমার পরিচালনায় যতটা সম্ভব সিম্পলিসিটি ধরে রাখতে চাই। এ বিষয়ে তো আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, সবকিছুই দেখে দেখে শেখা।

একটি ‘হারানো বিজ্ঞপ্তি’ ও ঈদের কাজ...
দুটি নাটক পরিচালনা করলাম; আজ (গতকাল) একটির কাজ করেছি। এর মধ্যে অবসেশন-এর চিত্রনাট্য লিখেছেন কামরুল আহসান। অভিনয় করেছে বিপাশা হায়াত ও তৌকীর আহমেদ। হারানো বিজ্ঞপ্তি নাটকটি লিখেছেন সারওয়ার-উল-ইসলাম। এতে অভিনয় করেছে নাদিয়া, শাহেদ, তানিয়াসহ আরও অনেকে।
লেখালেখির ভুবনে...
বুয়েটে পড়ার সময় আমাদের বার্ষিকী বেরোবে। ভালো লেখা পাওয়া যাচ্ছিল না। সম্পাদক আমাকে দিয়ে দুটি গল্প লেখালেন। একটি ছাপা হলো নামে, আরেকটি বেনামে। সেই প্রথম গল্প লেখা। এ পর্যন্ত ২১টির মতো বই বেরিয়েছে। প্রথম বই বেরিয়েছিল ১৯৯১ সালে, নাম আপ্লুত মরু। সময়ের অভাবেই মূলত লেখালেখিতে ধীরগতি। সামনে ঈদসংখ্যার জন্য গল্প লিখব ঠিক করেছি।
অভিনেত্রী বিপাশা হায়াতের যে দিকটি আমাকে বেশি মুগ্ধ করে...
বিপাশা খুব নিষ্ঠাবান ও পরিশ্রমী অভিনয়শিল্পী। অভিনয়ের ডিটেইলে গিয়ে কাজ করে। আমাদের অনেক মেধাবী শিল্পী আছেন, কিন্তু অতটা পরিশ্রম হয়তো করেন না, কিন্তু বিপাশা করে। এই গুণ আমাকে দারুণ মুগ্ধ করে। আর আমি যখন পরিচালনা করি, তখন ও অভিনেত্রী হিসেবে হাজারো প্রশ্ন করে; তখনই ওর নিষ্ঠা সম্পর্কে ধারণা পাই।
মুর্শিদাবাদে ফিরে গেলে...
কয়েক দিন আগে জন্মস্থান মুর্শিদাবাদ থেকে ঘুরে এলাম। প্রায় ৫৬ বছর পর পৈতৃক ভিটায় পা রাখলাম। শিকড়ে ফেরার যে রোমাঞ্চ, তা অনুভব করেছি।
আমিই মিসির আলী...
আমার অভিনীত আলোচিত এক চরিত্র। ব্যক্তিজীবনে রহস্য পছন্দ করি, কিন্তু তা নিজের মধ্যে ধারণ করতে চাইনি। কারণ, আমি সবার সঙ্গে সহজে কথা বলতে, মিশতে পছন্দ করি।
চলচ্চিত্রে অভিনয় ও পরিচালনা...
খুব ধারাবাহিক নই, তবে করছি। যেমন অনিমেষ আইচ ও ইফতেখার আহমেদ ফাহমির চলচ্চিত্রে অভিনয় করছি। আর হ্যাঁ, অনেক দিন ধরেই বলে আসছি চলচ্চিত্র পরিচালনা করব। চিত্রনাট্যও তৈরি করে বসে আছি। কিন্তু সময় মেলাতে পারছি না। আগামী সেপ্টেম্বরের ৭ তারিখে ৭০-এ পা দেব; খুব করে চাই অন্তত একটি ছবি যেন বানাতে পারি।
মাহফুজ রহমান