সামিয়া আফরিন। ব্যস্ত মডেলিং আর উপস্থাপনা নিয়ে। সময় পেলে নাটকেও অভিনয় করেন। আজ চ্যানেল নাইনে প্রচারিত হবে তাঁর অভিনীত ধারাবাহিক নাটক হ্যাকার্স।

‘হ্যাকার্স’ নাটকে আমি...
নাটকে আমি একজন পেশাদার খুনি। নাটকের গল্পে দেখা যায়, সবাই ওপরে ওপরে খুব আপন, কিন্তু ভেতরে সবাই স্বার্থপর। সবাই ছুটছে টাকার পেছনে।
উপস্থাপনা...
আমার পরিবার খুব রক্ষণশীল। আমি মিডিয়াতে কাজ করি, তা পরিবারের কেউ চায়নি। যখন ছাত্রী ছিলাম, তখন নিয়মিত নাচ, গান আর উপস্থাপনা করেছি। পরে পরিবারের কথা ভেবে সংবাদ উপস্থাপন করার সিদ্ধান্ত নিই। কিন্তু তা হয়নি। ২০০৫ সালে বাংলাভিশনে অনুষ্ঠান উপস্থাপনা শুরু করি।
উপস্থাপনার প্রতি আগ্রহ...
সব সময় ভাবতাম, আমি যা করব, তার নিয়ন্ত্রণ আমার কাছেই থাকবে। মনে হলো, কোনো অনুষ্ঠানের নিয়ন্ত্রণ যদি একজন মানুষের কাছে থাকে, তাহলে অনুষ্ঠানটি নিঃসন্দেহে অনেক ভালো হয়। সে ক্ষেত্রে উপস্থাপনার পুরো বিষয়টি একমাত্র উপস্থাপকের হাতেই থাকে। তাই আমি নিজেকে উপস্থাপক হিসেবে প্রস্তুত করেছি।
যাদের অনুসরণ করি...
কোনো একজনের প্রতি বিশেষ আকর্ষণ নেই। বিভিন্ন জনের বিভিন্ন দিক আমার ভালো লাগে। দেশ ও দেশের বাইরে যাঁদের উপস্থাপনা ভালো লাগে তাঁরা হলেন শারমীন লাকি, প্রজ্ঞা লাবণী, আব্দুন নূর তুষার, মিনি মাথুর, মন্দিরা বেদি প্রমুখ।
নাটকে অভিনয়...
নাটকে খুব একটা কাজ করি না। আসলে আমি নাটকের মানুষ নই। অভিনয় করছি অনুরোধে।
আমার ইচ্ছে...
মিডিয়ায় এত বছরের কাজের অভিজ্ঞতা। অনেক কিছু দেখেছি। এবার এই মিডিয়ার মানুষের জন্য কিছু করার ইচ্ছা আছে। ভবিষ্যতে কাহিনি তৈরি, চিত্রনাট্য তৈরি আর উপস্থাপনার প্রশিক্ষণ দেওয়ার জন্য একটি প্রতিষ্ঠান করব।
মনজুর কাদের