'অভিনয়ের জন্য ন্যাড়া হতে হলো'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিমে হাফিজ
হিমে হাফিজ

বিজ্ঞাপনচিত্রে অভিনয় ও ন্যাড়া হওয়ার গল্প...
বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন শরাফ আহমেদ জীবন। তাঁর সঙ্গে আমার জানাশোনা অনেক দিনের। জীবন একদিন ফোন করে বললেন, একটি বিজ্ঞাপনচিত্রের কাজ আছে। শর্ত জুড়ে দিলেন, এর জন্য আমাকে ন্যাড়া হতে হবে। আমার সহশিল্পী সৈয়দ গাউসুল আলম শাওন। তিনি সব সময় ন্যাড়া থাকেন। বিজ্ঞাপনচিত্রে আমাদের ‘সেম টু সেম’ সংলাপটি ব্যবহার করতে হবে, তাই আমাকেও ন্যাড়া হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। অভিনয় বলে কথা!
ন্যাড়া মাথার বিড়ম্বনা...
বিড়ম্বনার কি শেষ আছে! দুষ্টুমি করে বন্ধুরা মাথায় তবলা বাজাতে শুরু করে। কিছু বললে তারাও বলে, ‘আমরা আমরাই তো...’। সবচেয়ে বড় বিড়ম্বনায় পড়তে হয়েছিল আমার নিজের এলাকায়। বাসায় ফিরতে প্রায়ই দেরি হয়। রাতে বাসার পাশের কুকুরগুলো চিনতে না পেরে ঘেউ ঘেউ করে আক্রমণ করে! হা হা হা হা!
বরিশালের ভাষা...
শাওন ভাই কিংবা আমি—কেউই বরিশালের মানুষ নই। বিজ্ঞাপনচিত্রে কাজ করার জন্য আমাদের বরিশালের আঞ্চলিক উচ্চারণ শিখতে হয়েছিল। শুটিংয়ের সময় আমাদের জন্য একজন প্রশিক্ষক রাখা হয়েছিল। মনে হচ্ছিল, যেন নতুন কোনো ভাষা শিখছি।
এলাকার নাম কাউয়ারচর...
কাউয়ারচর বরিশালের খুব প্রত্যন্ত একটি জায়গা। আমি নিজেও এই এলাকার সঙ্গে পরিচিত ছিলাম না। কিন্তু এই বিজ্ঞাপনচিত্রের মধ্য দিয়ে দেশের মানুষের কাছে এই জায়গাটির নাম আমরা তুলে ধরতে পেরেছি। কাউয়ারচর এখন খুব পরিচিত একটি নাম।
অভিনয়জীবনের শুরু...
ছোটবেলা থেকেই আবৃত্তি ও অভিনয়ের প্রতি আগ্রহ ছিল। স্কুল ও কলেজজীবন কেটেছে ঝিনাইদহের মহেশপুরে। থিয়েটার করতেই ঢাকায় আসা। ঢাকায় এসে নাট্যধারায় অভিনয় কর্মশালা করি। তারপর ১৯৯৮ সালে যোগ দিই লোক নাট্যদলে।
 সুজাত হোসেন