'অভিনেতা না হলে লেখালেখি করে জীবন ধারণ করতাম': আজাদ আবুল কালাম

অভিনেতা হওয়ার কোনো স্বপ্নই ছিল না জনপ্রিয় অভিনেতা আজাদ আবুল কালামের; বরং লেখালেখির অভ্যাস ছিল তরুণ বয়স থেকে। লেখক হলেই বেশি মানানসই হতো বলে মনে করেন তিনি। তিনি জানিয়েছেন, অভিনেতা না হলে লেখালেখি করেই জীবন ধারণ করতেন। সম্প্রতি এসব কথা তিনি বলেছেন তারকা আড্ডার অনুষ্ঠান ‘লীজান শুধুই আড্ডা’য়।
বৈশাখী টেলিভিশনের ‘লীজান শুধুই আড্ডা’য় এবারের অতিথি আজাদ আবুল কালাম। আড্ডা দিতে দিতে তিনি জানিয়েছেন তাঁর স্বপ্নের চরিত্র হ্যামলেটের কথা। এখনো এই চরিত্রে অভিনয়ের স্বপ্ন দেখেন তিনি। আজাদ আবুল কালাম বলেন, পুনর্জন্মে তিনি অভিনেতাই হতে চান।
এ ছাড়া আড্ডায় উঠে এসেছে আজাদ আবুল কালামের ভবিষ্যত্ কর্মপরিকল্পনা, অভিনয় ও বর্তমান ব্যস্ততা এবং দীর্ঘ অভিনয় জীবনের প্রাপ্তি-অপ্রাপ্তিসহ নানা প্রসঙ্গ।
এসএমএসের মাধ্যমে দর্শকদের পাঠানো নানা প্রশ্ন নিয়ে আজাদ আবুল কালামের সঙ্গে আড্ডা দিয়েছেন ফারহানা নিশো। পলাশ মাহবুবের গ্রন্থনা ও পরিচালনায় বৈশাখী টেলিভিশনে অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামীকাল শনিবার রাত নয়টা ১০ মিনিটে।