'অভিনয় আমাকে টানছে'

‘অভিনয়টা অনেক বেশি টানছে। চাকরির কারণে হয়তো আমি অর্থনৈতিক আরাম-আয়েশে থেকেছি এতটা দিন, কিন্তু প্রাণের আনন্দ পাচ্ছিলাম না। অভিনয় ভালোবাসি বলে সেই আরাম-আয়েশ আমাকে টানছিল না। সবকিছু ছেড়েছুড়ে তাই এবার অভিনয়ে নিয়মিত হওয়ার সিদ্ধান্ত নিলাম।’ কথাগুলো মঞ্চ, টিভি ও চলচ্চিত্র অভিনেতা ওমর আয়াজের, যাঁকে অনেকে অনি নামেও চেনেন।
অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস থেকে পাবলিক রিলেশন অ্যান্ড অ্যাডভারটাইজিংয়ে মাস্টার্স করা অনি কিছুদিন আগ পর্যন্ত জাতিসংঘের ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচার অর্গানাইজেশনের (এফএও) একটি প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন। সবকিছু ভালোই যাচ্ছিল। শুধু তাঁর মনটা নাকি অভিনয়ে পড়ে ছিল। তাই খুব বেশি কিছু না ভেবে চাকরি ছেড়ে দিলেন তিনি।
অনি বললেন, ‘চাকরি ও পড়াশোনার কারণে দেশের বাইরে থাকায় পাঁচ বছর আমাকে অভিনয় থেকে দূরে থাকতে হয়েছে। কিন্তু অভিনয় আমার ভেতরটাকে তাড়িয়ে বেড়াচ্ছিল। তাই চাকরিটাও ভালো লাগছিল না। সিদ্ধান্ত নিলাম অভিনয়ে নিয়মিত হওয়ার। চাকরি ছেড়ে এখন তাই অভিনয় নিয়ে যত ভাবনা।’
দীর্ঘদিন নাগরিক নাট্যসম্প্রদায়ের সঙ্গে যুক্ত ছিলেন অনি। ১৯৯৯ সালে এই দলের হয়ে বেশ কয়েকটি প্রযোজনায় কাজ করেছেন তিনি। এবার ঈদে কয়েকটি নাটকে দেখা যাবে তাঁকে। এসব নাটকের পরিচালকেরা হলেন রাশেদ রাহা, মাহমুদুল হাসান ও গোলাম মোস্তফা। নাটকের নাম পরিবর্তন হতে পারে, তাই এই মুহূর্তে নামগুলো জানাতে পারেননি অনি।
পুত্র এখন পয়সাওয়ালা নামে একটি চলচ্চিত্রেও অভিনয় করেন অনি। নারগিস আকতার পরিচালিত সেই ছবিটি গত বছর মুক্তি পায়।