'অভিনয়শিল্পী না হলে চিকিৎসক হতাম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইলিয়াস কাঞ্চন
ইলিয়াস কাঞ্চন

ইলিয়াস কাঞ্চন। এ পর্যন্ত তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। অভিনয় করেছেন টিভি নাটকেও। আজ এটিএন বাংলায় প্রচারিত হবে তাঁর পরিচালনায় নাটক পুরস্কার।
পুরস্কার...
এটি আমার পরিচালনায় নির্মিত ১৫তম টিভি নাটক। এ নাটকের গল্পটা সড়ক দুর্ঘটনার নানা দিক থেকে কীভাবে পরিত্রাণ পাওয়া যায়—তাই নিয়ে। নাটকে আমি ট্রাকচালকের চরিত্রে অভিনয় করেছি। আর আমার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন চম্পা।
আমার পাওয়া সেরা পুরস্কার...
এখনো সেরা পুরস্কার পাওয়া হয়নি। স্বপ্ন দেখছি, একদিন ঠিকই সেরা পুরস্কারটা পাব। আমার সেরা পুরস্কার সেদিনই পাব, যেদিন দেশে আর একটি সড়ক দুর্ঘটনা ঘটবে না।
এখনকার চলচ্চিত্র...
বাংলাদেশি চলচ্চিত্রের এখনকার যে অবস্থা তাতে মনে হয়, খুব অযত্ন, অবহেলা, অনাদর—মমতা আর ভালোবাসা ছাড়াই চলছে। প্রচুর সম্ভাবনা থাকা সত্ত্বেও এখানকার চলচ্চিত্র ব্যবসাসফল হয় না; যা অনেক লজ্জার।
ঢাকাই চলচ্চিত্রের সেরা দিক...
ঢাকার চলচ্চিত্রের সেরা দিক দর্শক। আমরা ভালো ছবি দিতে পারছি না, তাই দর্শক প্রেক্ষাগৃহে কম যাচ্ছে। তা ছাড়া আমাদের প্রেক্ষাগৃহগুলোর যে অবস্থা, তার পরও দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখছে।
প্রথম সিনেমা দেখা...
আমার জন্ম কিশোরগঞ্জে। বাবার হাত ধরে কিশোরগঞ্জে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখেছিলাম।
অভিনয়শিল্পী না হলে...
অভিনয়শিল্পী না হলে চিকিৎসক হতাম। এটারও একটা কারণ ছিল, ১৯৬৭ সালে আমি মায়ের সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলাম। তখন একজন রোগীর সঙ্গে চিকিৎসকের আচরণ দেখে খুব কষ্ট পেয়েছিলাম। তখন চিকিৎসক হওয়ার ইচ্ছা হয়। কিন্তু চলচ্চিত্রে অভিনয়ের কারণে পরে আর তা হয়নি।
 বিনোদন প্রতিবেদক