'অমর তোমার নাম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে চলছে ‘শিল্পের আলোয় বঙ্গবন্ধু’ শীর্ষক মাসব্যাপী অনুষ্ঠানমালা। সেই ধারাবাহিকতায় দুই দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আলোচনার পাশাপাশি ছিল নৃত্যগীত, নাটকের কোরিওগ্রাফি, আবৃত্তি ও নাটক মঞ্চায়ন।

আলোচনাপর্বে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক আলোচনায় অংশ নেন সৌমিত্র শেখর ও আফরোজা জামিল।

সাংস্কৃতিক পর্বের সূচনা হয় সম্মেলক গানের সুরে। একাডেমির কণ্ঠশিল্পীরা গেয়ে শোনান ‘যত দিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান’। পরের গানটি ছিল ‘ধন্য মুজিব ধন্য’। ‘তুমি বিনে রে মুজিব’ গানের সুরে বেনজির সালামের পরিচালনায় পরিবেশিত হয় সমবেত নৃত্য। দ্বিতীয় দলীয় নৃত্য পরিবেশনায় গানের শিরোনাম ছিল ‘বিচার চাই বিচার চাই’। বেলায়েত হোসেন পরিচালিত নৃত্য পরিবেশনায় আশ্রিত হয় ‘অনেক রক্ত দিয়েছি আমরা’ গানের সুর। ‘মুজিব আছে বাংলার ঘরে ঘরে’ গানের কথায় ওয়ার্দা রিহাবের পরিচালনায় ছিল নৃত্য। ‘বাংলার হিন্দু বাংলার বৌদ্ধ বাংলার খ্রিষ্টান বাংলার মুসলমান’ গানের সঙ্গে আনিসুল ইসলামের পরিচালিত নৃত্যের মাঝে বর্ণিত হয় অসাম্প্রদায়িক বাংলার বর্ণনা। অনেকগুলো নৃত্য পরিবেশনা শেষে গানে গানে জাতির জনককে ভালোবাসা নিবেদন করেন কণ্ঠশিল্পীরা।

অনুষ্ঠানে মলয় কুমার গাঙ্গুলী গাইলেন ‘যদি রাত পোহালে শোনা যেত, বঙ্গবন্ধু মরে নাই’। ‘দুঃখিনী বাংলা জননী বাংলা’ গানটি শোনান ইয়াসমিন আলী। মনোরঞ্জন ঘোষালের কণ্ঠে গীত হয় ‘ও দরদি নাইয়া রে, তুমি কি টুঙ্গিপাড়া যাও’। জাতির জনককে হারানোর বেদনা উচ্চারিত হয় নমিতা ঘোষের কণ্ঠে। তিনি শোনান ‘আমরা কেমনে ভুলব বঙ্গবন্ধুকে’। এ ছাড়া গানে গানে শ্রদ্ধা নিবেদন করেন কিরণ চন্দ্র রায়, সুবীর নন্দী ও সাজেদ আকবর। কবিতায় শিল্পিত উচ্চারণে উঠে আসেন বাঙালি জাতিসত্তার এই বিনির্মাণকারী। কারাগারের রোজনামচা থেকে পাঠ করেন এস এম মোহসীন। কবি নির্মলেন্দু গুণের ‘সেই রাত্রির কাহিনী’ ও কবি সুজন বড়ুয়ার ‘আমাদের জন্য’ কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী ডালিয়া আহমেদ। ছিল বিভিন্ন নাট্যদলের নাটকের কোরিওগ্রাফি পরিবেশনা।

 বঙ্গবন্ধুকে চেনালেন নির্মলেন্দু গুণ

‘বঙ্গবন্ধুকে জানো বাংলাদেশকে জানো’—স্লোগানটি সুন্দর। বঙ্গবন্ধুকে জানলে আসলে বাংলাদেশকেই জানা হয়। শিশু একাডেমীর মিলনায়তনভর্তি শিশুদের বঙ্গবন্ধুকে চেনালেন কবি নির্মলেন্দু গুণ। বঙ্গবন্ধুকে হত্যার পরে যিনি প্রথম প্রতিবাদ করেছিলেন কবিতা দিয়ে। কবিতায় বলেছিলেন, ‘আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি।’ গতকাল ছিল ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। কবি নির্মলেন্দু গুণ শেখ মুজিবের কথা বললেন শত শিশুর সামনে কবিতায়, বয়ানে।

বাংলাদেশ শিশু একাডেমীর এই আয়োজনে শিশুদের কবি বললেন, ‘বঙ্গবন্ধু ছিলেন বিশাল মনের অধিকারী। যারা তাঁর বিরোধিতা করত, তাদেরও তিনি সাহায্য করতেন। নিজের জন্য তিনি কখনোই ভাবতেন না। তিনি বিশ্বাসই করতেন না যে বাঙালিরা তাঁকে হত্যা করতে পারে। দেশপ্রধান হওয়া সত্ত্বেও তিনি কিন্তু তাঁর ৩২ নম্বরের বাড়িতেই থেকেছেন। নিজের নিরাপত্তার জন্য রাষ্ট্রের বাড়তি টাকা খরচ করেননি।’

একাডেমীর চেয়ারম্যান ও কথাসাহিত্যিক সেলিনা হোসেনের কথায় উঠে আসে বঙ্গবন্ধুর প্রকৃত ভালোবাসার কথা। এই অনুষ্ঠানের সভাপতি তিনি। বলেন, ‘তোমরা যদি তাঁর কারাগারের রোজনামচা বইটি পড়ো, দেখবে তিনি কীভাবে পাখিদের ভালোবাসার কথা বলেছেন। জেলখানায় তাঁর ঘরের সামনে দুটো হলুদ পাখি আসত। তিনি সেই পাখিদের মনে রেখেছেন। পরের বছর আবার দুটো পাখি তিনি দেখতে পান। এভাবে ফুল, পাখি, কীটপতঙ্গ, প্রকৃতির মাঝে বেড়ে ওঠা শিশুটি বড় হয়ে মানুষকেই শক্তি হিসেবে ভেবেছিলেন, অস্ত্র নয়।’

শুধু আলোচনা নয়, ছিল ছড়াপাঠ ও আবৃত্তি। শিশুদের ছড়া শোনান আলম তালুকদার, হালিম আজাদ, রফিকুল হক, খালেক বিন জয়েনউদ্দীন, নাসের মাহমুদ, কাজী রোজী, আহসান মালেক, আসলাম সানী, ফারুক নওয়াজ, রহিম শাহ, সুজন বড়ুয়া ও কামাল হোসাইন। নিজের লেখা গান পাঠ করেন শিশুসাহিত্যিক আখতার হুসেন। শিশুরাও আবৃত্তি ও ছড়া পাঠ করে, গেয়ে শোনায় গান। বঙ্গবন্ধুর প্রতি তাদের মুগ্ধতা তুলে ধরে। এ ছাড়া সকালে শিশুরা পরিচালকের নেতৃত্বে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি দেয়। ছিল ছবি আঁকা প্রতিযোগিতা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম। স্বাগত বক্তব্য দেন একাডেমীর পরিচালক আনজীর লিটন।

অনুষ্ঠান শেষ। বেরিয়ে যাচ্ছে শিশুরা। পরনে কালো পোশাক। আর ওদের মনে? হয়তো বাজছে ওদেরই আওড়ানো কবিতাটি ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর অমর তোমার নাম’।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী

চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রামাণ্যচিত্র প্রদর্শনীসহ নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে জাতীয় জাদুঘর। কর্মসূচির অংশ হিসেবে জাতীয় জাদুঘর এবং এর নিয়ন্ত্রণাধীন শাখা জাদুঘর—ঢাকার স্বাধীনতা জাদুঘর ও আহসান মঞ্জিল জাদুঘর, সিলেটের ওসমানী জাদুঘর, চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর ও ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা বিনা টিকিটে শিক্ষার্থী, শিশু-কিশোর ও প্রতিবন্ধীদের পরিদর্শন করার সুযোগ করে দেওয়া হয়। এদিন গড়ে দুই থেকে আড়াই হাজার দর্শনার্থী জাদুঘর পরিদর্শন করেছে।