'অমরার আখ্যান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেইলি স্টার–বেঙ্গল আর্টস প্রিসিঙ্কটে ‘অমরার আখ্যান’ শিল্প প্রদর্শনীতে শিল্পী দিলারা বেগম জলি l ছবি সৌজন্য: বেঙ্গল ফাউন্ডেশন
ডেইলি স্টার–বেঙ্গল আর্টস প্রিসিঙ্কটে ‘অমরার আখ্যান’ শিল্প প্রদর্শনীতে শিল্পী দিলারা বেগম জলি l ছবি সৌজন্য: বেঙ্গল ফাউন্ডেশন

মীর কাসেম আলীর যুদ্ধাপরাধের বিচার যখন চলছে, তখন সারা দেশের মানুষ আস্তে আস্তে জানতে শুরু করে ডালিম ভবনের কথা। চট্টগ্রামের এই ভবনটিকে আলবদর বাহিনী বানিয়েছিল নির্যাতন কেন্দ্র। এর কাহিনি নিয়েই ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিঙ্কটে গতকাল থেকে শুরু হয়েছে শিল্পী দিলারা বেগম জলির শিল্প প্রদর্শনী ‘অমরার আখ্যান’।
শিল্পী আন্দরকিল্লার ‘মহামায়া ডালিম ভবন’-এ গিয়ে দেখতে পান, সেখানে এখনো মানুষ থাকে! দিলারাকে তাঁরা বলেন, তাঁরা নাকি এখনো মানুষের চিৎকার আর কান্নার শব্দ শুনতে পান। সেখান থেকেই দিলারার ভাবনায় আসে এই শিল্প প্রদর্শনীর কথা।
প্রদর্শনীতে দেখানো হচ্ছে একটি ভিডিও আর্ট, যেটি শিল্পী ধারণ করেছিলেন ডালিম ভবনের সেই ঘরটিতে, যেখানে নির্বিচারে মানুষ হত্যা করা হতো। ভিডিওতে সাদা কাপড় পরে অশরীরির সাজে উপস্থিত থাকেন শিল্পী নিজেই। অসাধারণ এই শিল্পকর্মটিতে মূর্ত হয়ে ওঠেন শহীদেরা।
একইভাবে প্রদর্শনীতে দেখা যায় নারীর জরায়ুর প্রতিরূপ। সব যুদ্ধেরই প্রধান শিকার নারী। শিল্পী বলেন, এই জরায়ুগুলো থেকে আর্তনাদ শোনা যায়, একই সঙ্গে সেগুলো আলোকিত। যুদ্ধ জরায়ুর বিনাশ চায়। কেননা, জরায়ু মানুষকে বাঁচিয়ে রাখতে চায়।
নারীকে ব্যঙ্গ করে ‘মেয়েছেলে’ বলা হয়। কিন্তু শিল্পী মনে করেন, এ শব্দে মেয়ে ও ছেলে দুটোকেই ধারণ করা হয়। তার মানে কি নারী আরও বেশি শক্তিশালী? সেখানে বধ্যভূমির কঙ্কাল ও খুলির মতো পড়ে থাকে অ্যালুমিনিয়ামের তৈরি হাঁড়ি-পাতিল। একই সঙ্গে মূর্ত হয় নারীজীবনের ইতিহাস।
গতকাল সন্ধ্যায় প্রদর্শনীটির উদ্বোধন করেন শিল্পী নিসার হোসেন ও স্থপতি সালাউদ্দিন আহমেদ। প্রদর্শনী চলবে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত।
ডালিম ভবনে তোলা কিছু আলোকচিত্রও আছে প্রদর্শনীতে। শিল্পী যেখানে সুচ দিয়ে ফুটিয়ে তোলেন এক আলোছায়ার জগৎ। শিল্পী বলেন, সুচের এই ফুটোগুলোতে যেন অজস্র মানুষের কান্না জড়িয়ে আছে। তাই হয়তো প্রদর্শনীর ইংরেজি শিরোনাম ‘মাইক্রোটিয়ারস’।