‘অরুপার জন্য’ নাটকে কান্তা
এবারের ঈদের জন্য তৈরি হচ্ছে মেজবাউর রহমান সুমনের নাটক অরুপার জন্য। নাটকে প্রথমবারের মতো অভিনয় করেছেন অভিনেত্রী জয়া আহসানের ছোট বোন কান্তা মাসউদ। একটি সম্পর্কের বিভিন্ন অধ্যায় নিয়ে এই নাটকের গল্প। নাটকে অরুপা চরিত্রে অভিনয় করছেন কান্তা। একটি স্যাটেলাইট চ্যানেলের লন্ডন শাখায় বিপণন বিভাগে কর্মরত আছেন তিনি। দেশে এসেছেন কিছুদিনের জন্য। কান্তা বললেন, ‘মূলত শখ আর অভিনয়ের প্রতি ভালোবাসা থেকেই কাজটা করছি। টিভি নাটকে এটিই আমার প্রথম অভিনয়। এই পরিচালকের বেশ কয়েকটি নাটক আমি যুক্তরাজ্যে বসে দেখেছি। তাঁর নাটকগুলো একদম ভিন্ন ধাঁচের হয়। তাই অভিনয়ের প্রস্তাবটা গুরুত্বের সঙ্গে নিয়েছি।’জানালেন, এর মধ্যে তিনি অমিতাভ রেজা নির্মিত একটি বিজ্ঞাপনচিত্রেও অভিনয় করেছেন। সেটি শিগগিরই দেখানো হবে বিভিন্ন চ্যানেলে। কান্তা আরও বললেন, ‘এই কাজ দুটো যদি দর্শক ভালোভাবে নেয় এবং আমি নিজে যদি নিজের কাজে খুশি হতে পারি, তবেই আবার অভিনয়ের কথা ভাবব।’