'অহল্যা' বিতর্কে সুজয়ের বয়ান

ইউটিউবে মুক্তি এরপর সামাজিক যোগাযোগেই প্রথম আলোচনায় আসে সুজয় ঘোষের স্বল্পদৈর্ঘ্য ছবি ‘অহল্যা’। আর এর পরপরই গুঞ্জন ওঠে ‘অহল্যা’ নাকি ব্রিটিশ সাহিত্যিক রোয়াল্ড ডালের এক গল্প থেকে অনুপ্রাণিত। কিন্তু বিষয়টি স্রেফ অস্বীকারই করেছেন নির্মাতা সুজয় ঘোষ। জানিয়েছেন, ‘অহল্যা’ রামায়ণ থেকে অনুপ্রাণিত।
বাঙালি বংশোদ্ভূত বলিউডের চলচ্চিত্র নির্মাতা সুজয় ঘোষ বিদ্যা বালান অভিনীত ‘কাহানি’ ছবি পরিচালনা করে বিভিন্ন মহলের প্রশংসা কুড়ান। ২২ জুলাই ইউটিউবে মুক্তি পেয়েছে তাঁর পরিচালিত নতুন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অহল্যা’। এর ব্যাপ্তি ১৪ মিনিট। মুক্তির পরপরই সাড়া ফেলে ‘অহল্যা’। এরই মধ্যে বহু দর্শক এটি দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।
ভাসছেন রাধিকা
রামায়ণ থেকে অনুপ্রাণিত হয়ে ‘অহল্যা’র গল্প লিখেছেন সুজয় ঘোষ। তবে এর প্রেক্ষাপট বর্তমান সময়ের কলকাতা। এর প্রধান তিনটি চরিত্র গৌতম, অহল্যা ও ইন্দ্র চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে সৌমিত্র চট্টোপাধ্যায়, রাধিকা আপ্তে ও টোটা রায় চৌধুরী।
‘অহল্যা’ রোয়াল্ড ডালের গল্প থেকে অনুপ্রাণিত— এমন গুঞ্জন ওঠার পর এক টুইটার বার্তায় সুজয় ঘোষ লিখেছেন, ‘আমার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘‘অহল্যা’’ রোয়াল্ড ডালের গল্প থেকে অনুপ্রাণিত বলে যে গুঞ্জন উঠেছে তা আমাকে বিস্মিত করেছে।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।
সুজয় আরও লিখেছেন, ‘আমার ছবির গল্পের উৎস প্রাচীন পৌরাণিক কাহিনি। যাই হোক, আমার সঙ্গে ডালের কাজের তুলনা করায় আমি গর্বিত। কারণ এ সময়ের অন্যতম সেরা একজন গল্পকার তিনি।’