'অ্যাংরি বার্ডস' ছবির ট্রেলারে 'রাগ নিয়ন্ত্রণ'!

‘অ্যাংরি বার্ডস’ ছবির প্রথম ট্রেলারটি প্রকাশিত হয়েছে। নতুন কোনো ছবি মুক্তির আগে সে ছবির গান, অভিনয়শিল্পী বা ছবির কোনো বিশেষ বিষয় নিয়ে ট্রেলার প্রকাশিত হয়; এটা একটা স্বাভাবিক ঘটনা। তবে, ‘অ্যাংরি বার্ডস’ ছবির ট্রেলারের মজার বিষয়টি হচ্ছে এ ছবির ট্রেলারটি তৈরি হয়েছে ‘অ্যাংগার ম্যানেজমেন্ট’ বা রাগ নিয়ন্ত্রণ নিয়ে।
ছবির ট্রেলারটিতে দেখানো হয়েছে কোন পরিস্থিতিতে ও কেন পাখিগুলো রেগে যায় এবং কীভাবেই বা তারা তাদের রাগ নিয়ন্ত্রণ করে।
ফিনল্যান্ডের গেম নির্মাতা প্রতিষ্ঠান রোভিওর তৈরি শিশুদের মাঝে তুমুল জনপ্রিয়তা পাওয়া গেমস ‘অ্যাংরি বার্ডস’-এর নাম শুনলেই আমাদের মনে ফুটে ওঠে লাল-হলুদ রঙের কয়েকটি রাগী পাখির চেহারা। যে পাখিগুলো ডিম চুরির জন্য সবুজ রঙের ‘ব্যাড পিগিস’ বা শুকরছানাকে শায়েস্তা করতে ব্যস্ত। রাগী পাখিগুলোর এ অভিযানে তাদেরকে সাহায্য করতেই অংশ নেয় গেমাররা। রাগী এই পাখিগুলোর মধ্যে রয়েছে লাল রঙের ‘রেড’, হলুদ রঙা ‘চাক’ ও কালো রঙের ‘বম্ব’।
যুক্তরাষ্ট্রে ‘অ্যাংরি বার্ডস’ ছবিটির মুক্তির তারিখ ঠিক করা হয়েছে ২০১৬ সালের মে মাসের ২০ তারিখ।
ইন্দো-এশিয়ান নিউজ।। ইনডিপেন্ডেন্ট ইউকে।