‘অ্যাকশন’ থেকে অবসরে জ্যাকি চ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি অ্যাকশন ছবি থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন ‘দ্য রাশ আওয়ার’খ্যাত চীনা অভিনেতা জ্যাকি চ্যান। এবারের কান চলচ্চিত্র উত্সবে নিজের ১০০তম ছবি ‘চাইনিজ জোডিয়াক’-এর প্রচারণার সময় জ্যাকি চ্যান জানিয়েছেন, এটিই হবে তাঁর অভিনীত সর্বশেষ অ্যাকশন ছবি।অবশ্য অ্যাকশন ছবির বাইরে অন্যান্য ঘরানার ছবিতে অভিনয় চালিয়ে যাবেন বলে নিশ্চিত করেছেন তিনি।এ প্রসঙ্গে ৫৮ বছর বয়সী এই ডাকসাইটে অ্যাকশন তারকার উদ্ধৃতি দিয়ে এনডিটিভি জানিয়েছে, ‘অ্যাকশন ছবিতে অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। মারকুটে সব স্টান্ট করার বয়স পেরিয়ে গেছে আমার। এ ছাড়া পুরো বিশ্বই এখন অতিমাত্রায় অসহিষ্ণু হয়ে উঠেছে। চ্যান বলেন, হিংস্রতাকে রীতিমতো ঘৃণা করতে শুরু করেছি আমি। এসব দিক বিবেচনায় নিয়ে অ্যাকশন ছবিতে আর অভিনয় না করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। তবে অন্যান্য ধারার ছবিতে অভিনয় চালিয়ে যাব। শুধু অ্যাকশন অভিনেতা তকমার পরিবর্তে এশিয়ার রবার্ট ডি নিরো হতে চাই আমি।’উল্লেখ্য, সর্বশেষ ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘কারাতে কিড’ ছবিতে মারদাঙ্গা সব মারপিটের দৃশ্যে অভিনয় করেছিলেন জ্যাকি। এরপর ‘আর্মার অব গড’ সিরিজের তৃতীয় ছবি ‘চাইনিজ জোডিয়াক’-এর কাজ শুরু করেন। এটি জ্যাকি চ্যান অভিনীত ১০০তম ছবি। ছবিটি মুক্তি পাবে এ বছরের ডিসেম্বরে।ব্রুস লি অভিনীত ‘ফিস্ট অব ফিউরি’ (১৯৭২) এবং ‘এন্টার দ্য ড্রাগন’ (১৯৭৩) ছবিতে স্টান্টম্যান হিসেবে পেশা জীবন শুরু করেছিলেন জ্যাকি। এরপর ১৯৭৮ সালে ‘স্নেক ইন দ্য ঈগলস শ্যাডো’ ছবিতে অভিনয়ের সুবাদে তারকাখ্যাতি পান। পরবর্তী সময়ে হলিউডেও অ্যাকশন তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ‘সাংহাই নাইটস’, ‘সাংহাই নুন’ এবং ‘রাশ আওয়ার’ সিরিজের ছবিগুলো বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তা এনে দেয় জ্যাকি চ্যানকে।