'অ্যাকুস্টিক বাদ্যযন্ত্রের ওপর জোর দিয়েছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তপু
তপু

সংগীতশিল্পী, অভিনয়ও করেছেন। ঈদ উপলক্ষে অগ্নিবীণার ব্যানারে প্রকাশিত হয়েছে তাঁর নতুন একক অ্যালবাম আর তোমাকে
অবশেষে ‘আর তোমাকে’...
বেশ কয়েকবার প্রকাশ করা হবে বলেও সম্ভব হয়নি। অবশেষে অ্যালবামটি প্রকাশিত হচ্ছে। এটি আমার তৃতীয় একক অ্যালবাম। এর আগে বন্ধু ভাবো কি? (২০০৮) এবং সে কে? (২০১০) অ্যালবাম দুটি প্রকাশিত হয়। আর তোমাকে অ্যালবামে রয়েছে নয়টি গান।
অ্যালবামের বিশেষত্ব...
আমার আগের অ্যালবামগুলোর ইলেকট্রনিক সাউন্ড একটু বেশি প্রাধান্য পেয়েছিল। কিন্তু এবার অ্যালবামের বেশির ভাগ গানে অ্যাকুস্টিক বাদ্যযন্ত্রের ওপর জোর দিয়েছি বেশি। এবার অ্যালবামের গানগুলোর অর্ধেক ভালোবাসার এবং বাকি অর্ধেক মানুষের অবস্থা নিয়ে। রয়েছে অ্যাসিড- সন্ত্রাসের শিকারদের নিয়েও গান। এই গানটি লিখেছেন রবিউল ইসলাম। বাকিগুলো আমার নিজেরই লেখা।
প্রথম গান...
আমি ছিলাম বরিশাল ক্যাডেট কলেজের ছাত্র। তখন গান করেছিলাম। ওই সময় কয়েকজন বন্ধু মিলে একটি ব্যান্ড গড়ে তুলি। কলেজের বার্ষিক প্রতিযোগিতায় আমার নিজের লেখা এবং সুর করা গানটি গেয়ে প্রথম হয়েছিলাম।
মোড় ঘুরিয়ে দেওয়া গান...
২০০৪ সালে প্রকাশিত হয় ‘এক পায়ে নূপুর’ শিরোনামের গানটি। অন্য আর আট-দশটা গানের মতোই মনে করেছিলাম। কিন্তু গানটি যে এতটা জনপ্রিয়তা পাবে, ভাবিনি। আর এ গানটিই আমার জীবনের মোড় ঘুরিয়ে দেয়।
আমার কাছে গান...
সারা দিন কাজের পর ক্লান্তি ভর করে। বাসায় ফিরে যখন হাতে গিটার তুলে নিই, তখন এক নিমিষে সব ক্লান্তি দূর হয়ে যায়। গানটা আমার কাছে ক্লান্তি দূর করার ওষুধ।
যাত্রী এখন...
২০০৬ সালে যাত্রী ব্যান্ডের অ্যালবাম প্রকাশিত হয়েছে। এরপর সবাই বিভিন্ন স্টেজ শো এবং টিভির লাইভ শো নিয়ে ব্যস্ত। তাছাড়া ব্যান্ডের সবার ব্যক্তিগত ব্যস্ততার কারণে পরের অ্যালবামের কাজ নিয়ে এগোতে পারছি না।