'অ্যাভেঞ্জার্স'-এর ঢাকা প্রস্তুতি

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে একই দিনে মুক্তি পাচ্ছে হলিউডের ছবি অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রন। আন্তর্জাতিক মুক্তির মতো বাংলাদেশে কোনো তারকাবহুল উদ্বোধনী প্রদর্শনী হচ্ছে না। তবে তাই বলে যে বাংলাদেশে এর সূচনা পিছিয়ে থাকবে, তা নয়। আজ বৃহস্পতিবার বেশ জমকালো আয়োজনের মধ্য দিয়েই হবে অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রন-এর প্রিমিয়ার শো। এর পরদিন, অর্থাৎ আগামীকাল ১ মে থেকেই ছবিটি রাজধানীর স্টার সিনেপ্লেক্সে নিয়মিতভাবে প্রদর্শিত হবে।
বেশ কিছুদিন আগে থেকেই রাজধানীর স্টার সিনেপ্লেক্স আয়োজন করেছে বিশেষ রোড শো। কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের বিভিন্ন শপিং মল, রেস্টুরেন্ট ও জনবহুল স্থানে অ্যাভেঞ্জার্স ছবির আলোচিত চরিত্রগুলো নিয়ে তারা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছে।
তা ছাড়া আজ উদ্বোধনী প্রদর্শনীর আগে থাকবে অ্যাভেঞ্জার্স-এর প্রতীকী অতিমানবদের নিয়ে একটি ফ্যাশন শো।
স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (গণমাধ্যম ও বিপণন) মেসবাহ উদ্দিন আহমেদ জানান, কিছুদিন আগে তাঁরা ফেসবুক পেজে একটি প্রতিযোগিতার আয়োজন করে। এর বিজয়ীরাও অংশ নেবেন উদ্বোধনী প্রদর্শনীতে। তা ছাড়া এ ছবি প্রদর্শনীর আয়োজনে স্টার সিনেপ্লেক্সের সঙ্গে কমিউনিকেশনস পার্টনার হিসেবে যুক্ত আছে গ্রামীণফোনও। গ্রামীণফোনের স্টার সাবস্ক্রাইবাররা ১ মে থেকে পরের সাত দিন একটি টিকিট কিনলে আরেকটি টিকিট ফ্রি পাওয়ার সুযোগ পাবেন।