'আঁ সার্তেন রিগার্দ' জিতল ইরানি ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁ সার্তেন রিগার্দ বিভাগে বিজয়ীর নাম ঘোষণার অনুষ্ঠানে জুরিবোর্ডের সদস্য ও বিজয়ীরা। ছবি: কান উৎসবের ওয়েবসাইট
আঁ সার্তেন রিগার্দ বিভাগে বিজয়ীর নাম ঘোষণার অনুষ্ঠানে জুরিবোর্ডের সদস্য ও বিজয়ীরা। ছবি: কান উৎসবের ওয়েবসাইট

কান উৎসবের প্রতিযোগিতা বিভাগের পর সম্মানজনক বিভাগ হচ্ছে আঁ সার্তেন রিগার্দ (অন্য দৃষ্টিকোণ)। এ বছর এ বিভাগ থেকে সেরা ছবির পুরস্কার (আঁ সার্তেন রিগার্দ পুরস্কার) পেয়েছে আ ম্যান অব ইন্টেগ্রিটি ছবিটি। ইরানি নির্মাতা মোহাম্মদ রাসৌলফ বানিয়েছেন এই ছবি।
গত শনিবার রাতে এ পুরস্কার ঘোষণা করা হয়। মার্কিন অভিনেত্রী উমা থারম্যান এ বিভাগের ছবিগুলোর প্রধান বিচারক ছিলেন। তিনি বলেন, আ ম্যান অব ইন্টেগ্রিটি ছবিটিকে পুরস্কার দিতে পেরে জুরিবোর্ড গর্বিত। রাসৌলফের এই ছবি নান্দনিকভাবে ব্যতিক্রম।
লাকি ছবির জেসমিন ত্রিংকা পেয়েছেন সেরা অভিনয়শিল্পীর পুরস্কার। ইতালীয় অভিনেত্রী তিনি। সেরা নির্মাতার পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের টেলর শেরদিন। তাঁর ছবি উইন্ড রিভার। এটাই শেরদিনের প্রথম ছবি।
ফরাসি ছবি বারবারা পুরস্কার পেয়েছে সেরা পোয়েটিক ন্যারেটিভ ক্যাটাগরিতে। আর জুরি পুরস্কার পেয়েছে মেক্সিকোর ছবি এপ্রিল’স ডটার।
ফিপরেসকি পেল ‘ওয়ান টোয়েন্টি বিটস পার মিনিট’
গত শনিবার বাংলাদেশ সময় রাত প্রায় নয়টায় ঘোষণা করা হয়েছে ফিপরেসকি (ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস) পুরস্কার। প্রতিযোগিতা বিভাগের ছবি ওয়ান টোয়েন্টি বিটস পার মিনিট জিতেছে এই পুরস্কার। এর নির্মাতা রবিন কামপিলো।
বিচারকেরা এই ছবি সম্পর্কে বলেছেন, ‘এটি জীবন ও ভালোবাসার ছবি। একটুখানি আশাবাদেরও।’
আঁ সার্তেন রিগার্দ বিভাগ থেকে ফিপরেসকি জিতেছে কান্তেমির বালাগভের ছবি ক্লোজনেস।
অন্যদিকে প্রায় একই সময়ে ঘোষণা করা হয়েছে ২০১৭ সালের ইকিউমেনিকাল জুরি পুরস্কার। সমালোচকদের বিচারে এই পুরস্কার পেয়েছে জাপানি ছবি রেডিয়েন্স (হিকারি)। নির্মাতা নাওমি কাওয়াসে হাতে নিয়েছেন এই পুরস্কার। দৃষ্টিশক্তি হারাতে থাকা এক আলোকচিত্রীকে নিয়ে এই ছবির গল্প।
‘এই ছবি আমাদের চারপাশের জগৎ সম্পর্কে আরও বেশি সচেতন করে তোলে। অদেখাকে দেখা এবং অশ্রুতকে শোনার অনুপ্রেরণা দেয়,’ ছবিটি সম্পর্কে বলেছেন এবারের বিচারকেরা।

ফিপরেসকি পুরস্কারজয়ী ওয়ান টোয়েন্টি বিটস পার মিনিট ছবির দৃশ্য
ফিপরেসকি পুরস্কারজয়ী ওয়ান টোয়েন্টি বিটস পার মিনিট ছবির দৃশ্য

একনজরে
আঁ সার্তেন রিগার্দ বিভাগের পুরস্কার
আঁ সার্তেন রিগার্দ পুরস্কার: আ ম্যান অব ইন্টেগ্রিটি (মোহাম্মদ রাসৌলফ, ইরান)
সেরা অভিনয়শিল্পী: জেসমিন ত্রিংকা (লাকি, সের্জো কাসতিলিত্তো, ইতালি)
সেরা পোয়েটিক ন্যারেটিভ
বারবারা (ম্যাথু আমারলিক, ফ্রান্স)
সেরা নির্মাতা: টেলর শেরদিন (উইন্ড রিভার, যুক্তরাষ্ট্র)
জুরি পুরস্কার: এপ্রিল’স ডটার (মিচেল ফ্র্যাঙ্কো, মেক্সিকো)

সিনেফন্ডেশন ও শর্ট ফিল্ম পুরস্কার
প্রথম পুরস্কার: পল ইজ হিয়ার (ভ্যালেন্টিনা মরেল, বেলজিয়াম)
দ্বিতীয় পুরস্কার: অ্যানিমেল (বাহরাম ও বাহনাম, ইরান)
তৃতীয় পুরস্কার: টু ইয়্যুথস ডাইড (টোমাসো উসবার্তি, ফ্রান্স)

ফিপরেসকি পুরস্কার
ওয়ান টোয়েন্টি বিটস পার মিনিট (রবিন কামপিলো, ফ্রান্স, প্রতিযোগিতা বিভাগ থেকে)
ক্লোজনেস (কান্তেমির বালাগোভ, রাশিয়া, আঁ সার্তেন রিগার্দ বিভাগ থেকে)
দ্য নাথিং ফ্যাক্টরি (পেদ্রো পিনহো, পর্তুগাল, ডিরেক্টরস’ ফোর্টনাইট ও ক্রিটিকস উইক বিভাগ থেকে)