'আইজ কোনো শুটিং-টুটিং নাই!'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাঁকা এফডিসি
ফাঁকা এফডিসি

‘না ভাই, আইজ কোনো শুটিং-টুটিং নাই। তার পরেও ঘুইরা-টুইরা দ্যাখেন। হইলেও হইতে পারে। আমি তো কয়দিন ধইরাই কোনো শুটিং দ্যাখতাছি না।’
৩ নম্বর ফ্লোরের সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছিলেন রতন। কাজ করেন ছবির প্রোডাকশনে। সঙ্গে যোগ করলেন আরও, ‘এখন আর আগের মতো বেশি শুটিং এফডিসিতে হয় না। তাই কাজও কম।’
কেন?
‘এফডিসির বাইরে বেশি শুটিং হয়।’ এতটুকু বলেই সোজা হাঁটা ধরলেন কড়ইতলার দিকে। কেন যে এফডিসিতে শুটিং কম হয়, তার পরিষ্কার উত্তর রতনের কাছ থেকে পাওয়া গেল না।
ভরদুপুর ৩ নম্বর ফ্লোরের সামনের রাস্তা দিয়ে আমরাও হাঁটা শুরু করেছি। মূল রাস্তা ধরে হেঁটে হেঁটে এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে যাচ্ছি। কোনো ফ্লোরের সামনে মানুষজনের জটলা নেই। শুটিংয়ের আলোও জ্বলেনি কোনো ফ্লোরে। রাস্তায় তেমন কোনো মানুষজনও চোখে পড়ে না। হাঁটি আর মাথায় খেলা করে রতনের কথাগুলো।
পরিচালক সমিতির সামনে ১ নম্বর ফ্লোরের মুখে দেখা মিলল পরিচালক এস এ হক অলিকের। আরও কয়েকজন পরিচালককে নিয়ে আড্ডা দিচ্ছিলেন তিনি। হৃদয়ের কথা, আকাশছোঁয়া ভালোবাসা ছবি দুটির পর নতুন ছবির কাজ শুরু করার ঘোষণা দিয়েছেন আগেই। ইতিমধ্যে দুটি গানও করে রেখেছেন। কাজের প্রসঙ্গ উঠতেই কথায় হতাশার সুর তাঁরও। ‘ছবির ব্যবসার অবস্থা মোটেই ভালো না। চলচ্চিত্র ডিজিটালে আসার পর কম বাজেটে নিম্নমানের ছবি অনেকেই নির্মাণ করছেন। সেই জোয়ারে অনেক ভালো নির্মাতার বড় বাজেটের ছবিও মার খেয়ে যাচ্ছে। আসলে ভয়ই পাচ্ছি কাজ শুরু করতে।’

দুই.
এফডিসির ক্যানটিনের পরিবেশ অবশ্য ভিন্ন। সারা এফডিসি ঘুরে শুটিংয়ের ডামাডোলে সাড়া না মিললেও ক্যানটিন আঙিনায় মানুষ গিজগিজ করছে। শুটিংয়ের কাজ না থাকলেও টেবিলে টেবিলে পরিচালক, সহকারী পরিচালক, ইউনিটকর্মীদের ভাগে ভাগে তুমুল আড্ডা। চায়ে চুমুকের সঙ্গে ছবি নির্মাণের পরিকল্পনা, শুটিংয়ের শিডিউল, বক্স অফিস হিট করা ছবি, ফ্লপের তালিকার ছবির গল্প থেকে শুরু করে নতুন নায়ক-নায়িকাদের নিয়ে গল্পের ঝড় বইছে। আমরাও সেই আড্ডায় মিশে যাই। পাশাপাশি বসা একজনের সঙ্গে পরিচয় হয় আমাদের। নাম তাঁর ফারুখ। সহকারী পরিচালক। রতনের আক্ষেপের কথা তাঁর কাছে জানার জন্য আগ্রহী হই। এফডিসিতে শুটিং কম হওয়ার কারণ কী? সরাসরি প্রশ্ন করি তাঁকে। উত্তর দিতে দেরি হয় না ফারুখের, ‘কেমনে এখানে শুটিং করবেন। এফডিসির বাইরে এক শিফট শুটিং করতে যা খরচ হয়, এখানে করলে তার দ্বিগুণ হবে। সবকিছুর ভাড়া বাড়ছে। আবার এখানে শুটিং করতে হলে পদে পদে বাড়তি টাকাও গুনতে হয়। বর্তমান ছবির যে ব্যবসা, তাতে সবাই খরচের বিষয়টা মাথায় রেখে কাজ করতে চাইছে।’
বেলা বাড়ে, সূর্যের তেজ বাড়ে, সঙ্গে বাড়ে ক্যানটিনের আড্ডার তেজ। সময়ের সঙ্গে সঙ্গে নতুন নতুন স্বপ্ন নিয়ে চেনা মানুষেরা আড্ডায় যোগ হয়। চলচ্চিত্রের সুদিন, স্বপ্নের এফডিসির আঙিনা ভরে প্রতিদিনের শুটিংয়ের ঝলকানি কবে ফিরে আসবে আবার? গন্তব্যে ফেরার পথে এ প্রশ্নের উত্তর খুঁজি।
গ্রীষ্মের এই তপ্ত দুপুরে গরমটা একটু বেশিই পড়ছে। হয়তো বৃষ্টি নামবে৷