
‘ও বৈশাখ আসিলরে কিবা ধরিয়া বৈশাখ আসিলরে’। সদ্য প্রয়াত ভাওয়াইয়া গানের কিংবদন্তি শিল্পী নুরুল ইসলাম জাহিদের লেখা গানটি খালি গলায় গাইলেন সফিউল আলম। অনুষ্ঠানের শুরুটা এভাবেই। বাইরের আবহাওয়ায় বৈশাখের পুরো দাপট। জাতীয় সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনে শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে সে দাপট না থাকলেও গানের কথা ও সুর উপস্থিত দর্শক-শ্রোতাদের মন ছুঁয়ে যায় সহজেই।
অনুষ্ঠান শুরুর আগে যে দর্শকেরা কথাবার্তায় মশগুল ছিলেন, তাঁরা মৌন হয়ে শুনতে থাকেন গান। যেন গানের সুরে সুরে তাঁরা ফিরে চলেছেন মাটির টানে, বাংলাদেশের উত্তরাঞ্চলের কোনো গ্রামের উঁচু-নিচু, এবড়োখেবড়ো মেঠোপথে। যে গান কখনো গাড়িয়ালের যাত্রাপথের আনন্দের গান, কৃষকের গান, বিরহী গৃহবধূর না বলা কথা কিংবা মায়ের কান্নাভেজা আকুতির কথা বলে, সে গানের নাম দেওয়া হয়েছে ‘ভাওয়াইয়া’। আর এই ভাওয়াইয়াকে উত্তরাঞ্চলের সোদা মাটি থেকে তুলে এনে নগরজীবনে ছড়িয়ে দেওয়া, তরুণ প্রজন্মকে শিকড়মুখী করার লক্ষ্যে প্রতিষ্ঠিত ‘ভাওয়াইয়া’ গানের দল। ২০০৮ সালের ২২ এপ্রিল এই সংগঠনের জন্ম। গতকাল দলটি পালন করল তাদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী।
সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আয়োজিত ‘কিবা ধরিয়া বৈশাখ আসিলরে’ শীর্ষক এই ভাওয়াইয়া গানের বৈঠকি আসরে প্রধান অতিথি ছিলেন আইটিআইয়ের সাম্মানিক বিশ্বসভাপতি রামেন্দু মজুমদার। আয়োজক সংগঠনের জ্যেষ্ঠ সদস্য ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন শাফি উদ্দিন আহমদ। স্বাগত বক্তব্য দেন ‘ভাওয়াইয়া’ গানের দল-এর পরিচালক সফিউল আলম।
মঞ্চে প্রদীপ জ্বালিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। পরে সদ্য প্রয়াত ভাওয়াইয়ার কিংবদন্তি গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী নুরুল ইসলাম জাহিদ স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অল্প আলোচনার পর শুরু হয়ে যায় গানের আসর। ‘বৈশাখ আইলরে’ গানটি সমবেত পরিবেশন করে ‘ভাওয়াইয়া’ গানের দলের সদস্য ও ভাওয়াইয়া স্কুল-এর ছাত্রছাত্রীরা। ‘আইজ দ্যাওয়ায় দারুণ ম্যাঘ’, ‘আরে তুই বড় রসিয়া রাখাল বন্ধুরে’সহ পরপর তিনটি সমবেত গান শোনান তাঁরা। গানের পাশাপাশি কবিরুল ইসলামের পরিচালনায় ছিল দলীয় নৃত্য। এরপর পালাক্রমে একক পরিবেশনা। ‘ও মোর সোনার কন্যারে’, ‘আগা নাওয়ে ডুবু ডুবু’, ‘তিস্তা পাড়ের কন্যা তুমি হে’, ‘বাওকুমটা বাতাস যেমন’, ‘ও তুই যতই জ্বলিস জ্বলেক রে আগুন’, ‘ওরে গাড়িয়াল বন্ধুরে’, ‘মন মোর কান্দেরে’, ‘আরে ওহো সোনারে বন্ধু ধন’ ইত্যাদি গানে মুগ্ধ হতে থাকে দর্শক। গানগুলো শোনান আতাউর রহমান, পারভিন সুলতানা, সুমন মজুমদার, সালমা বেগম, খাজা জামান, সোনিয়া আক্তার, রাকিব হাসান, আল্পনা ভূঁইয়া, রাওয়ানা মার্জিয়া। শেষে ভাওয়াইয়া শিল্পী সফিউল আলম শোনান ‘ও মোর কালারে’, ‘ও নিদয়ার মানুষরে’, ‘অইদগে মাইনষের ফোসলামিতে’, ‘মনটায় মোর পিঠে খাবার চায়’সহ বেশ কটি গান