তারকাদের বর্ণময় জীবনে থাকে বিচিত্র ঘটনা—কোনোটি বিশাল, কোনোটি সামান্য। এর মধ্যে এমন অনেক কিছু আছে, যা কাউকে কখনো বলা হয়নি। আজ ন্যান্সি শোনাচ্ছেন না-বলা সে রকম একটি ঘটনাআমাদের নেত্রকোনার বাড়িতে আমার তিন বছর বয়সের একটি ছবি আছে। সেখানে হারমোনিয়াম বাজিয়ে ‘আমরা সবাই রাজা’ গানটি গাইছি আমি। তখন আমি এতই ছোট যে ঠিকমতো হারমোনিয়ামের নাগাল পাই না। সেই ছবিতে দেখা যাচ্ছে শুধু আমার নাক! মজার ব্যাপার হলো, নাকের নিচ পর্যন্ত ঢেকে গেছে হারমোনিয়ামে। না-বলা ঘটনার কথা মনে হতেই কেন জানি শৈশবের ওই ছবির কথা মনে পড়ছে। আজ আমি সংগীত পরিচালক হাবিব ভাইয়ের (হাবিব ওয়াহিদ) সঙ্গে আমার একটি স্মৃতির কথা বলব। পাঠক, এতে যদি মজা না পান, সে দায় কিন্তু আমার নয়। কৃষ্ণ অ্যালবাম থেকে হাবিব ভাইয়ের ভক্ত আমি। এরপর তাঁকে কণ্ঠশিল্পী হিসেবে পেলাম ময়না গো অ্যালবামে। সম্ভবত ২০০৫ সালের ঘটনা এটি। ওই অ্যালবামে ‘রাত নির্ঘুম’ ও ‘দিন গেল’ গান দুটি কতবার যে শুনেছি! প্রিয় শিল্পীর জন্য ভক্তরা তো পাহাড়-মহাসাগরও পাড়ি দেয়। কিন্তু ক্ষুদ্র ভক্ত হিসেবে আমি কী করতে পারি? এর মধ্যে কোথা থেকে যেন হাবিব ভাইয়ের মুঠোফোন নম্বর জোগাড় করলাম। এবার তাঁকে ফোন দেওয়ার পালা। ফোন দেব, ফোন দেব—মনের মধ্যে উত্তেজনা! কিন্তু সাহসে কুলায় না। একসময় সাহস দেখিয়ে ফোনটা করেই ফেললাম। ও প্রান্ত থেকে শোনা গেল, ‘হ্যালো...।’ এটা কি সত্যিই হাবিব ভাইয়ের কণ্ঠ! আমার বিশ্বাস হচ্ছে না! ওদিকে তাঁর কণ্ঠ শুনে আমার কণ্ঠ ততক্ষণে বন্ধ হয়ে গেছে। ওপাশ থেকে তিনি ক্রমাগত বলে যাচ্ছেন, ‘হ্যালো, হ্যালো, হ্যালো...কে বলছেন?’উত্তরে কোনো কথা বলি না আমি। প্রিয় শিল্পীর কণ্ঠ শুনতেই ভালো লাগে ভক্তের, আমার। তখনো হাবিব ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়নি। এরপর অনেকটা মজা করে প্রায়ই ফোন করতাম তাঁকে। পরে তো ফেরদৌস ওয়াহিদের মাধ্যমে হাবিব ভাইয়ের সুরে গান করলাম। কিন্তু এই ফোন দেওয়ার কথাটি অনেক দিন পর্যন্ত তাঁকে বলিনি। যখন বললাম, প্রথমে তো তিনি বিশ্বাসই করেননি। আমাকে বললেন, ‘তুমি, তুমি এই কাজ করেছ!’প্রথম থেকেই হাবিব ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক ‘আচ্ছা ভাইয়া’ টাইপের। তিনি যে কথাই বলেন, আমি বলি ‘আচ্ছা ভাইয়া’। হয়তো কখনো বলেন, ‘ন্যান্সি, একটা গান করতে হবে...।’ আমার উত্তর তো রেডি, ‘আচ্ছা..।’ এখনো তাঁর সঙ্গে আমার সম্পর্ক এই ‘আচ্ছা ভাইয়া’ পর্যন্তই। অনুলিখন: আ. শা.