‘আজ আমি তোমার হিরো হয়ে যাই!’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এফডিসির ৩ নম্বর ফ্লোরের সামনে জটলা। কাছাকাছি যেতেই দেখা গেল ফ্লোরের গ্রিনরুমের দিকে উঁকিঝুঁকি মারছেন কেউ কেউ। ঘটনা কী! ভেতরে আয়নার সামনে মেকআপ নিচ্ছেন সিনথিয়া। পাশে জায়েদ খান, চেয়ারে বসা। তিনি বলেন, তোমাকে ভালোবাসতেই হবে ছবির শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছি। কিছুক্ষণ পর এডিটিং প্যানেলের ফ্লোরে সেট ফেলা হবে। ওখানে যাব।’ এর মধ্যে সিনথিয়ার গলা খুলল, ‘কী ব্যাপার, আমার নায়ক আসছে না কেন?’ এ ছবিটিতে জায়েদ-সাহারা জুটির পাশাপাশি সিনথিয়া-রিয়াদ জুটিও অভিনয় করছেন। তাঁর কথা শুনে জায়েদ খান দুষ্টুমির সুরে বলেন, ‘কোনো ব্যাপার না, আমি আছি না! চলো, আজ আমি তোমার হিরো হয়ে যাই!’ সবাই এবার হা হা করে হেসে উঠলেন। এদিকে সিনথিয়াও এক কাঠি সরেস। তিনি বলেন, ‘ওকে, চলেন। তাহলে বাইরে আমরা একটু রোমান্টিক দৃশ্য রচনা করি।’ এরপর হা হা-র মাত্রা বেড়ে গেল। সিনথিয়ার হাত ধরে বাইরে বেরিয়ে গেলেন জায়েদ খান।দুই.পরিচালক সমিতির কার্যালয়ের সামনে দেখা গেল চাষী নজরুল ইসলাম ও ওমর সানীকে। চাষী নজরুল ইসলাম চলে গেলেন ক্যানটিন চত্বরের দিকে। কথা হলো ওমর সানীর সঙ্গে। কিছুদিন আগে তিনি জানান, নেগেটিভ চরিত্রে আর অভিনয় করবেন না। এ প্রসঙ্গে বললেন, ‘এ ধরনের চরিত্র আর করছি না। ওরে ধইরা আন...ওরে খাইয়া ফেলামু, ফাইড়া ফালামু’—এসব সংলাপ আর দিতে চাই না। বছরে দুটি ছবিতে কাজ করতে হলেও পজেটিভ চরিত্রে করতে চাই। এ জন্য ২৭ কেজি ওজন কমিয়েছি।’কথাবার্তার মধ্যে পাশের ৭ নম্বর ফ্লোর থেকে উচ্চ শব্দে গানের আওয়াজ কানে এল। সেখানে গিয়ে দেখি, বড় ডিসকো ক্যাবারের সেটে অমিত হাসান ও বিপাশা নাচের প্রস্তুতি নিচ্ছেন। দৃশ্য বুঝিয়ে দিচ্ছেন পরিচালক শাফি উদ্দীন। ‘ওকে আমরা যাই’, প্রস্তুতি শেষে বলেন তিনি। ‘সাজনা তলায় বাজনা বাজে...’ গান বেজে উঠল ক্যাসেট প্লেয়ারে। ক্যামেরা চলছে। গানের সঙ্গে ঠোঁট মেলাচ্ছেন বিপাশা, নাচছেন অমিত হাসান। শাফি জানান, এটি আইটেম গানের দৃশ্য। অমিত হাসান আন্ডার ওয়ার্ল্ডের গড ফাদার। ক্যাবারে মদ পান করার জন্য আসে। বিপাশা তাকে নেচে-গেয়ে মনোরঞ্জন করে।তিন.প্রযোজক পরিবেশক সমিতির সামনে হন্তদন্ত অবস্থায় পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজের সঙ্গে দেখা। ‘ছায়া-ছবি মুক্তির আগেই আরেকটি চলচ্চিত্রের কাজ শুরু করছি। নাম কানামাছি। জুনের প্রথম সপ্তাহে শুটিং শুরু হবে। দ্রুত এফডিসির কাজগুলো শেষ করছি। কয়েক দিনের মধ্যে আউটডোর শুটিংয়ের লোকেশন খুঁজতে বের হব।’ বলেই আগের মতো হন্তদন্ত হয়ে পরিচালক সমিতির দিকে হাঁটা শুরু করলেন তিনি। চারপাশে সন্ধ্যা নামছে। এফডিসিতে তখনো কত না কোলাহল।