'আজ ডাবিং হবে না'?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুটিংয়ের কোনো দৃশ্য নয়। এফডিসিতে গাড়ি চালিয়ে এলেন রীনা খান। দেখা হলো জায়েদ খানের সঙ্গে
শুটিংয়ের কোনো দৃশ্য নয়। এফডিসিতে গাড়ি চালিয়ে এলেন রীনা খান। দেখা হলো জায়েদ খানের সঙ্গে

দৃশ্য. এক
আকাশে মেঘ, কিন্তু বৃষ্টির বালাই নেই। এফডিসির ফুলের বাগানের রাস্তায় উঠতেই একটু ভড়কে গেলাম। মান্না ডিজিটাল কমপ্লেক্সের সামনের আঙিনাজুড়ে ঝুমবৃষ্টি। এই বুঝি বৃষ্টিতে ভিজে গেলাম! কোনো কিছু না ভেবে বৃষ্টি ছুঁয়ে যাওয়ার আগেই দৌড়ে পরিচালক সমিতির বারান্দায় গিয়ে হাজির হলাম। কিন্তু বৃষ্টি কই? গেল কোথায়? ব্যাপার কী? রাস্তায় লোকজনও চলাফেরা করছে! দ্বিধাদ্বন্দ্ব নিয়েই আবার রাস্তায় নামি। আস্তে পায়ে হাঁটা ধরি। ওমা! দেখি, ওখানে আর বৃষ্টি নেই। লোকজনেরও বেশ জটলা। কাছে গিয়ে ভুল ভাঙল। শুটিংয়ের প্রয়োজনে তৈরি বৃষ্টির খেলা! কমপ্লেক্সের সামনের পুরো আঙিনা পানিতে ভেজা। ইউনিটের একজন জানালেন, রবির বিজ্ঞাপনের শুটিং। কিছুক্ষণ আগে বৃষ্টির একটা দৃশ্য ধারণ করা হয়েছে। পরিচালক আদনান আল রাজীব।
এদিক ওদিক তাকাই। আদনানকে খুঁজি। দেখি, কমপ্লেক্সের ভেতরের ফ্লোরে পাতা মনিটরে বসে আছেন তিনি। বললেন, এটা রবির অফারের সিরিয়াল বিজ্ঞাপন। একটা ছেলে তার ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করছে। বাইরে তুমুল বৃষ্টি। বৃষ্টি উপেক্ষা করেই ফোন পেয়ে চলে আসে। এমন একটা দৃশ্য নেওয়া হলো এখন। পরের দৃশ্য ধারণের তোড়জোড় শুরু হয়েছে। ওখান থেকে বেরিয়ে আবার রাস্তা ধরি।
দৃশ্য. দুই
৮ নম্বর ফ্লোরের বারান্দা। ভেতর থেকে বাদ্যযন্ত্রের আওয়াজ, সঙ্গে গান। ফ্লোরের মূল দরজায় দুজন নিরাপত্তাকর্মীর শক্ত অবস্থান। তাঁদের একজন বললেন, ‘গানের মহড়া চলছে। যাওয়া যাবে না।’ কোনো প্রতিযোগিতা কিংবা ছবির গানের মহড়া কি? বোঝা গেল না। বিষয়টি মাথায় নিয়ে সামনের রাস্তায় নামি। গীতিকার কবির বকুল রাস্তায় দাঁড়িয়ে, একজনের সঙ্গে কথা বলছেন। এগিয়ে যাই। এরপর কুশল বিনিময়। কথা প্রসঙ্গে তিনি বললেন, ‘৮ নম্বর ফ্লোরে ‘মেঘে ঢাকা তারা’ নামে একটা গানের প্রতিযোগিতার গ্রুমিং চলছে। প্রযোজনা আমি নিজেই করছি। আগের পর্বে যাঁরা জয়ী হয়েছেন, তাঁদের নিয়ে এখন কাজ চলছে। রবীন্দ্র ও নজরুলসংগীত নিয়ে আগামী পর্ব।’
এর মধ্যে একটা কালো রঙের গাড়ি এসে থামল সেখানে। গাড়ি থেকে নামছেন জায়েদ খান। নেমেই কবির বকুলকে জড়িয়ে ধরলেন তিনি। কবির বকুল বললেন, ‘কী হিরো, খবর কী?’ জায়েদ খান উত্তর দিলেন ‘আমি ভালো। কিন্তু অনেক দিন আপনাকে দেখি না। ভাই, খুব মিস্ করি।’
নিজেই গাড়ি ড্রাইভ করে এসে ওই আড্ডায় ঢুকে গেলেন রীনা খান। জায়েদ খান ও রীনা খান—দুজনেরই আজ তোকে ভালোবাসতেই হবে ছবির ডাবিং। হঠাৎ রীনা খানের ফোন বেজে উঠল। বললেন, ‘এই যে এতক্ষণ পর পরিচালক সাহেবের ফোন।’ ফোনটি ধরে রীনা খান, ‘কী ব্যাপার দেরি হচ্ছে কেন...আজ ডাবিং হবে না?...’ ওপাশ থেকে কী উত্তর এল, তা বোঝা না গেলেও রীনা খানের কথায় আঁচ করা গেল, ‘ডাবিং হবে না।’ ফোনটা রেখেই তিনি জায়েদ খানকে বললেন, ‘এই জায়েদ, আজ ডাবিং হবে না। ভালোই হলো।’ শুনে জায়েদ খানও যেন খুশি। বললেন, ‘যাক, বিদেশ যাওয়ার আগে এফডিসির আজকের দিনটায় ম্যারাথন আড্ডা দেওয়া যাবে।’ এ কথা শুনে হো...হো...করে একসঙ্গে সবাই হেসে উঠলেন।