'আজ তোরা যাস নে ঘরের বাহিরে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নীলাখ্যান’ নাটকের উদ্বোধনী প্রদর্শনীর একটি দৃশ্য l ছবি: প্রথম আলো
‘নীলাখ্যান’ নাটকের উদ্বোধনী প্রদর্শনীর একটি দৃশ্য l ছবি: প্রথম আলো

দর্শক-শ্রোতার হাঁটার গতিতে শঙ্কা, না জানি কতগুলো গান শোনা হলো না। ব্যস্ত শহরে গানের আসরে সময়মতো হাজির হওয়া কঠিন ব্যাপার। সেসব বিবেচনা না করেই যথাসময়ে শুরু হয়েছিল রবিরাগ-এর গানের অনুষ্ঠান ‘বর্ষামঙ্গল’। রবীন্দ্রনাথের একগুচ্ছ বর্ষার গান নিয়ে আয়োজন, সঙ্গে কয়েকটি নাচ।
বর্ষার গান শুনতে বৃষ্টিভেজা পথ মাড়িয়েই আসতে হয়েছে শ্রোতাদের। অর্থাৎ শ্রাবণের এই শেষ সন্ধ্যাটিকে খানিকটা জল উপহার দিয়েছে আকাশ। রবিরাগ উপহার দিল কবিগুরুর কয়েকগুচ্ছ বর্ষার গান।

বর্ষামঙ্গল অনুষ্ঠানে শিবলী মহম্মদ ও শামীম আরা নীপা
বর্ষামঙ্গল অনুষ্ঠানে শিবলী মহম্মদ ও শামীম আরা নীপা

শুক্রবার সন্ধ্যার এই আয়োজনটি ছিল কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে। আয়োজনে যত্নের পরশে দর্শকেরা ছিল সন্তুষ্ট। অভ্যর্থনাকারীর হাত থেকে আয়োজনের বিস্তারিত পৌঁছে দেওয়া হলো শ্রোতাদের হাতে। ততক্ষণে গানের পরে গান গেয়েই চলেছেন শিল্পীরা। থামছিল না বাদ্যযন্ত্র। এ যেন অনবরত বর্ষণেরই অনুকরণ। গানে গানে আহ্বান ছিল—‘আজ তোরা যাস নে ঘরের বাহিরে’।
গোলাম হায়দারের কণ্ঠে ‘তিমির-অবগুণ্ঠনে বদন তব ঢাকি’ কিংবা সন্ধ্যা ভট্টাচার্যের কণ্ঠে ‘জানি নে কোথায় জাগো’ কিংবা নিরুপমের সঙ্গে সন্ধ্যার দ্বৈত কণ্ঠে ‘আষাঢ় সজলঘন আঁধারে’ শোনার সময় শ্রোতারা যেন শ্বাস ফেলতে ভুলে যাচ্ছিলেন। শিল্পীদের মাঝখানে বসে হারমোনিয়াম বাজাচ্ছিলেন সাদি মহম্মদ। তাঁর গাওয়ার পালা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে।
অনবরত গানের পর বাতি নিভল। জ্বলে উঠলে এল নাচের দল। ‘খরবায়ু বয় বেগে’ গানের সঙ্গে নাচ করলেন নৃত্যাঞ্চলের শিল্পীরা। শিবলী মহম্মদ ও শামীম আরা নিপার উজ্জ্বল উপস্থিতি অনুরক্ত করেছে দর্শকদের। একগুচ্ছ গানের বিরতিতে এই সংগঠনটির শিল্পীরা ‘মন মোর মেঘের সঙ্গী’ গানের সঙ্গে সমবেত, ‘মরণ রে, তুঁহুঁ মম শ্যামসমান’ গানের সঙ্গে দ্বৈত এবং ‘পাগলা হাওয়ার’ গানের সঙ্গে সমবেত নাচ করেছেন।