'আজ বিশ্বরেকর্ড হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক থো প ক থ ন : আসাদুজ্জামান নূর। সংস্কৃতিবিষয়ক মন্ত্রী। আজ জাতীয় প্যারেড গ্রাউন্ডে ‘লাখো কণ্ঠে জাতীয় সংগীত’ গাওয়া হবে। যৌথভাবে এই আয়োজন করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগ। আজকের আয়োজন নিয়ে কথা হলো তাঁর সঙ্গে

আসাদুজ্জামান নূর
আসাদুজ্জামান নূর

লাখো কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার উদ্দেশ্য...
জাতীয় সংগীত গেয়ে বিশ্বরেকর্ড গড়া। আশা করছি, আজ বিশ্বরেকর্ড হবে; পাশাপাশি সবার মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি করা। জাতীয় সংগীত শুদ্ধ করে গাওয়ার ব্যাপারে সারা দেশে সবার মধ্যে একটা আগ্রহ লক্ষ করছি। মানুষ ফিরে যাচ্ছে সেই ১৯৭১ সালে, মুক্তিযুদ্ধের দিনগুলোতে। পরিকল্পনাটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তাঁর নির্দেশেই আমরা কাজ করছি। আরেকটা ব্যাপার হলো নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগ্রত করা আর মুক্তিযুদ্ধের সব শক্তিকে ঐক্যবদ্ধ করা।
উপস্থাপনা...
আজকের পুরো আয়োজনকে কয়েকটি ভাগ করা হয়েছে। ওই অংশগুলো উপস্থাপনার জন্য আলাদা করে দায়িত্ব দেওয়া হয়েছে। উপস্থাপনা করবেন আফজাল হোসেন, হাসান আবিদুর রেজা, ফারজানা ব্রাউনিয়া, চঞ্চল চৌধুরী, অপি করিম, ইরেশ যাকের, এলিটা করিম ও আলিফ চৌধুরী।
গান...
আজ তো লাখো কণ্ঠে জাতীয় সংগীত গাওয়া হবে। কিন্তু সকাল থেকেই মঞ্চে বিভিন্ন শিল্পীর পরিবেশনা থাকবে। সকাল সোয়া আটটায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের পরিবেশনা দিয়ে শুরু হবে। এরপর পর্যায়ক্রমে গান করবেন রিংকু, কোনাল, শুভ্র দেব, কনা, কনকচাঁপা, বাপ্পা মজুমদার, সামিনা চৌধুরী ও তপন চৌধুরী। সুজেয় শ্যামের পরিচালনায় এরপর গান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ১০০ জন শিল্পী। লাখো কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার পর হবে সেলিব্রেশন কনসার্ট। এখানে গান করবেন মমতাজ ও এলআরবি। সবাইকে শুভেচ্ছা জানাতে আসবেন ফেরদৌস ও মৌসুমী। লাখো কণ্ঠে জাতীয় সংগীত গাওয়া উপলক্ষে একটি নতুন গান তৈরি করা হয়েছে। গানটি লিখেছেন সৈয়দ শামসুল হক, সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। মিউজিক ভিডিও তৈরি করেছেন শংকর সাঁওজাল। মিউজিক ভিডিওটি আজ দেখানো হবে।
সবার অংশগ্রহণের সুযোগ...
জাতীয় প্যারেড গ্রাউন্ডের ভেতর ও বাইরে যাঁরা থাকবেন, তাঁরা খুব সহজেই অংশ নিতে পারবেন। ১৫টি গেট দিয়ে সবাই প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করবেন। প্রতিটি গেট দিয়ে ২০ হাজার লোক প্রবেশ করতে পারবেন। এ ছাড়া বাংলাদেশ টেলিভিশন সকাল সোয়া আটটা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পুরো আয়োজনটি সরাসরি সম্প্রচার করবে। বেসরকারি টিভি চ্যানেলগুলো জাতীয় সংগীত গাওয়ার অংশটি সরাসরি সম্প্রচার করবে। বাংলাদেশ বেতারও সরাসরি সম্প্রচার করবে।
মহড়া...
সুজেয় শ্যামের নেতৃত্বে সকাল সাড়ে ১০টা নাগাদ দুবার জাতীয় সংগীত গাওয়ার মহড়া করা হবে। জাতীয় সংগীত গাওয়া হবে বেলা ১১টায়। তখনো দুবার গাওয়া হবে।