'আজ রবিবার' থেকেই বদলে যান শাওন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহের আফরোজ শাওন
মেহের আফরোজ শাওন

এ সময়ের অনেক জনপ্রিয় তারকার শুরুটা ছিল শিশুশিল্পী হিসেবে। কেউ কেউ পরে সংস্কৃতি অঙ্গন থেকে হারিয়ে যান। কিন্তু ব্যতিক্রম মেহের আফরোজ শাওন। বিটিভির ‘নতুন কুঁড়ি’তে হাতেখড়ি হলেও একটা নাটকই বদলে দেয় শাওনের জীবন।
শিশুশিল্পী হিসেবে বেশ পরিচিত ছিলেন শাওন। ১৯৯৪ সালে বিটিভির ‘নতুন কুঁড়ি’তে চ্যাম্পিয়ন হন তিনি। ওই বছর লোকনৃত্য, উচ্চাঙ্গ নৃত্য, দলীয় নৃত্য, গান এবং অভিনয়—এই পাঁচ বিভাগে প্রথম হয়েছিলেন। বললেন, ‘এটা ঠিক, একসময় শিশুশিল্পী হিসেবে যারা কাজ করে, বড় হয়ে তাদের অনেকেই আবার হারিয়ে যায়। নায়িকা কিংবা অভিনয়শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা অনেকের জন্য কঠিন হয়ে যায়। কিন্তু আমার ক্ষেত্রে তা ছিল ব্যতিক্রম।’
এ তো গেল শিশুশিল্পী শাওনের কথা। শিশুশিল্পী ইমেজ ভাঙার পরও কাজ চালিয়ে গেছেন শাওন। বললেন, ‘ঈশিতা, তারিন, শ্রাবন্তীসহ আমরা অনেকেই শিশুশিল্পী হিসেবে কাজ শুরু করেছিলাম। সৌভাগ্যক্রমে আমরা কাজ অব্যাহত রেখেছি। শিশুশিল্পী ইমেজ থেকে বেরিয়ে এসে আমার প্রথম ধারাবাহিক নাটক ছিল নক্ষত্রের রাত। এই নাটকের মাধ্যমে আমার সঙ্গে পরিচয় হয় হুমায়ূন আহমেদের। তারপর তাঁর পরিচালনায় আজ রবিবার ধারাবাহিক নাটকেও অভিনয় করি। এই নাটকটি আমার অভিনয়জীবনে আমূল পরিবর্তন এনে দেয়। আমার স্বাভাবিক জীবন আর স্বাভাবিক ছিল না।’
পরিবর্তনটা কেমন জানতে চাইলে শাওন বললেন, ‘হুমায়ূন আহমেদের আজ রবিবার নাটকে যখন অভিনয় করি, তখন আমার বয়স ১৬। নাটকটির শুটিংয়ের সময়ও ভাবনায় ছিল না যে নাটকটা দর্শক এত বেশি পছন্দ করবে। নাটকটি প্রচার হওয়ার পর দেখি সবাই আমাকে চেনে। একসময় তো বাসা থেকে বের হতে পারতাম না। যে আমি ইচ্ছে হলেই বইমেলা কিংবা বাণিজ্য মেলায় চলে যেতাম, রাস্তায় ঘুরে বেড়াতাম, পথের পাশে দাঁড়িয়ে ফুচকা খেতাম, কেনাকাটা করতে মার্কেটে চলে যেতাম, সেই আমার সবকিছু বন্ধ হয়ে যায়। কোথাও গেলেই সবাই তিতলি ভাইয়া, কঙ্কা ভাইয়া বলে ডাকাডাকি শুরু হতো। আমার চারপাশে ভিড় জমে যেত। বুঝতেই পারছেন, এই নাটক আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট।’
বিটিভিতে আজ রবিবার নাটকটির প্রচার শুরু হয় ১৯৯৬ সালের শেষ দিকে। এই একটি নাটক শাওনকে ব্যাপক পরিচিতি এনে দেয়। শাওন বললেন, ‘আজ রবিবার আমার স্বাভাবিক জীবন কেড়ে নিয়েছে।’