'আজ ১০০টি কবিতা আবৃত্তি করতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিমুল মুস্তাফা
শিমুল মুস্তাফা

। বাচিকশিল্পী। আজ বিকেল সাড়ে চারটায় ধানমন্ডির রবীন্দ্রসরোবরে হবে তাঁর একক আবৃত্তির অনুষ্ঠান। ছয় ঘণ্টার এই আয়োজনের শিরোনাম ‘আপস করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস’।

রবীন্দ্রসরোবরে শিমুল মুস্তাফার একক আবৃত্তির অনুষ্ঠান...
২০১০ সাল থেকে প্রতি বছর ডিসেম্বর মাসে ধানমন্ডির রবীন্দ্রসরোবরে আমি এই অনুষ্ঠান আয়োজন করছি। প্রতিটি অনুষ্ঠানে ৭১টি কবিতা আবৃত্তি করি। এর মধ্যে থাকে প্রেম, দ্রোহ আর স্বদেশ ভাবনার কবিতা। ১৯৭১ সাল আর মুক্তিযুদ্ধকে ভাবনায় রেখে এই পরিকল্পনা করি।

কবিতার অনুষ্ঠান রবীন্দ্রসরোবরে...
মাত্র কয়েক বছর আগেও কবিতা আবৃত্তির অনুষ্ঠান বললেই তা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, বাংলা একাডেমী কিংবা শাহবাগে কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তনে আয়োজনকেই মনে করা হতো। আমি এই ধারণা থেকে বেরিয়ে আসতে চেয়েছি। ছড়িয়ে দিতে চেয়েছি। কবিতার আবৃত্তি হবে মুক্তমঞ্চে। রবীন্দ্রসরোবর এ ধরনের আয়োজনের জন্য চমৎকার জায়গা। তাই তো আমরা এই জায়গাকেই বেছে নিয়েছি।

‘আপস করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস’...
আজকের অনুষ্ঠানের জন্য প্রেম, দ্রোহ আর স্বদেশ-ভাবনার ওপর বিভিন্ন সময়ে রচিত ৭১টি কবিতা বেছে নিয়েছি। পাশাপাশি দর্শকদের অনুরোধও রাখতে হবে। সব মিলিয়ে মনে হচ্ছে, আজ ১০০টি কবিতা আবৃত্তি করতে হবে।

আমার অ্যালবাম...
একসময় বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলায় নিয়মিত আমার অ্যালবাম প্রকাশিত হতো। এরপর চিত্রটা পাল্টেছে। ১৯৯৬ সাল পর্যন্ত আমার ৩১টা অ্যালবাম প্রকাশিত হয়েছে। এরপর ২০১১ সালে বেরিয়েছে একসঙ্গে নয়টি অ্যালবাম। এখন তো অডিও অ্যালবাম বের করার পরিবেশ আর নেই।