
আগামী ১০ জানুয়ারি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক-দ্য ডেইলি স্টার আয়োজিত ‘জীবনের জয়গান’ প্রতিযোগিতার ২০১৫ সালের পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে। এ বছর আজীবন সম্মাননা প্রদান করা হবে সাংস্কৃতিক অঙ্গনের তিন ব্যক্তিত্বকে। তাঁরা হলেন— অভিনেত্রী ববিতা, সুরস্রষ্টা আলাউদ্দীন আলী ও চিত্রগ্রাহক আফজাল এইচ চৌধুরী।
আগামী রোববার বিকেল ৫টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সম্মাননা প্রদান অনুষ্ঠানটি আয়োজিত হবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। এ আয়োজনের সাংস্কৃতিক অনুষ্ঠান অংশে সংগীত পরিবেশন করবেন সৈয়দ আবদুল হাদী, সাবিনা ইয়াসমীন ও গানের দল চিরকুট।
গত আট বছর ধরে ‘সেলিব্রেটিং লাইফ’ (জীবনের জয়গান) এই পুরস্কার প্রদানের এই অনুষ্ঠানের আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় এবারের আয়োজন। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। তবে অনলাইনে নিবন্ধন এবং দ্য ডেইলি স্টার সেন্টার থেকে আমন্ত্রণপত্র সংগ্রহ করে নিতে হবে।
অনলাইন নিবন্ধনের জন্য যেতে হবে www. imdhaka. com\celebratinglifebd ওয়েবসাইটে।