
আহমেদ ইমতিয়াজ বুলবুল। মুক্তিযোদ্ধা, সুরকার ও সংগীত পরিচালক। আজ মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে দেশের গান নিয়ে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘ভালোবাসি বাংলাদেশ’। এই প্রতিযোগিতার অন্যতম বিচারক তিনি। কথা হলো তাঁর সঙ্গে
সব কটা জানালা খুলে দাও না...
আমি মুক্তিযুদ্ধ করেছি। প্রতিবছর ১৬ ডিসেম্বর এলে আমার মনে পড়ে মুক্তিযুদ্ধে শহীদ আমার বন্ধুদের মুখ—শহীদ সেলিম, বাতেন, নজরুল, চিরু মিয়া। মনে হয়, জানালাগুলো খুলে দাও, ওরা আসবে। হারানো বন্ধুদের জন্য একটা চাপা কষ্ট অনুভব করি এই দিন। ১৯৭১ সালে বাংলাদেশ যখন স্বাধীন হয়, আমি তখন রমনা থানায় বন্দী। মুক্তি পেয়েছি পরদিন, ১৭ ডিসেম্বর। তবে ১৬ ডিসেম্বর যখন জানতে পারলাম, স্বাধীন হয়েছে দেশ, কী যে ছটফটানি শুরু হলো বুকের মধ্যে, সে অনুভূতি বোঝানো যাবে না!
রক্তের গান, দেশের গান...
১৯৭৬ সালে যখন সংগীত পরিচালক হিসেবে কাজ শুরু করি, তখন শুধু দেশের গানই করেছি। এ গান আমার রক্তে মিশে আছে। একটানা আট বছর দেশের গান করেছি আমি। আমার এই ভাবনার পেছনে কাজ করেছে মুক্তিযুদ্ধে যাঁরা জীবন দিয়েছেন, সেসব শহীদের অনুপ্রেরণা।
‘ভালোবাসি বাংলাদেশ’...
‘ভালোবাসি বাংলাদেশ’ একটি অন্য রকম গানের প্রতিযোগিতা। এখানে প্রতিযোগীদের সবাই দেশের গান গেয়েছে। এখানে যে ছেলেমেয়েরা এসেছে, তারা কেউ তারকা হওয়ার জন্য আসেনি, শিল্পী হওয়ার জন্য এসেছে, দেশপ্রেম থেকে এসেছে। বিচারক হিসেবে প্রতিযোগিতাটি দারুণ উপভোগ করেছি আমি। বলা চলে উদ্যাপন করেছি। এই আকালের দিনে, অস্থির সময়ে ছেলেমেয়েরা দেশের গান গাইছে, একজন মুক্তিযোদ্ধা হিসেবে এটা অনেক গর্বের ব্যাপার।
তবু আক্ষেপ...
বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা দেশের গান কম গাইছে, এ নিয়ে আমার আক্ষেপ আছে। তবে শুধু ওদের দোষারোপ করে লাভ নেই। একটা দেশের প্রগতি যখন স্থির হয়ে যায়, অরাজক অবস্থার সৃষ্টি হয়, তখন দেশাত্মবোধক গানের আবেগের সঙ্গে দেশকে মেলাতে পারে না তরুণেরা। তাই এ অবস্থা হয়েছে। আর মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে আমরা তো তরুণদের বারবার বিভ্রান্ত করেছি।
আজকের ১৬ ডিসেম্বরে আমি...
খুব ইচ্ছা ছিল আজ রমনায় যখন বাংলাদেশের সবচেয়ে বড় পতাকা উত্তোলিত হবে, সেখানে উপস্থিত থাকব। কিন্তু নিরাপত্তার জন্য প্রায় দুই বছর ধরে পুলিশি পাহারায় নিজের ফ্ল্যাটে, নিজের ঘরে স্বেচ্ছাবন্দী আমি। কোনো অনুষ্ঠান থাকলে পুলিশি পাহারায় যাই। তবে এভাবে খুব কষ্ট হয় আমার। সরকার যদি ফ্ল্যাটের চার দেয়ালের মধ্যে না রেখে সংরক্ষিত কোনো স্থান, যেখানে এক টুকরো মাঠ আছে, এমন এক স্থানে আমার থাকার ব্যবস্থা করত; খোলা আকাশের নিচে একটু হাঁটতাম—আমি একটু হাঁটতে চাই।
আলতাফ শাহনেওয়াজ